ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ২৮০ রানে পিছিয়ে থেকেও ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের সহ-অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদ।
প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর ফিল্ডিংয়েও চরম ব্যর্থ বাংলাদেশ। সব মিলিয়ে কোনঠাসা মুশফিকুর রহিমের দল। মাহমুদুল্লাহ অবশ্য মনে করেন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভালো হলে এখনো তাদের আশা রয়েছে।
শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, “গত দুই-তিনটা সিরিজে আমাদের ব্যাটিং ভাল হয়নি। কিন্তু এর আগে এক বছর ধরে আমরা ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় ইনিংসে বড় একটা স্কোর করতে পারলে দলের আত্মবিশ্বাস আগের পর্যায়ে চলে আসবে।”
“এই মুহূর্তে আশা করা ছাড়া আর কিছু করার নেই। প্রথম ইনিংসের ব্যর্থতার পর যদি দ্বিতীয় ইনিংসে ভালো খেলার আশা না রাখি তাহলে তো আরও পারব না,” যোগ করেন তিনি।
এখন টেস্টের যে পরিস্থিতি তাতে বাংলাদেশ সর্বোচ্চ কি আশা করতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন সব কিছু নির্ভর করছে দ্বিতীয় ইনিংসের ওপর। কাল যদি আমরা সকালে কয়েকটি উইকেট তুলে নিতে পারি বা দ্রুত পাকিস্তানকে অলআউট করতে পারি তাহলে হয়তো . . .। যদিও বলা সহজ তবে কাজটা কঠিন।”
চট্টগ্রাম টেস্টে চালকের আসনে পাকিস্তান। আর এতে বড় ভূমিকা রেখেছে মোহাম্মদ হাফিজের শতক।
দারুণ খুশি হাফিজ সংবাদ সম্মেলনে বলেন, “এই মুহূর্তে সব কিছু আমার পক্ষে যাচ্ছে। আমি দলের পরিকল্পনা বাস্তবায়নে ভুমিকা রাখার চেস্টা করছি।”
“দ্বিতীয় দিন শেষে আমরা ভালো অবস্থায় আছি। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৫৪ ঘ.
bdnews24