ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় লিগের দ্বিতীয় পর্যায়ের খেলা রোববার থেকে শুরু হচ্ছে।
ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খুলনা খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর বিপক্ষে। আর বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ঢাকা মেট্রো লড়াইয়ে নামবে সিলেটের বিপক্ষে।
প্রথম পর্যায়ের চতুর্থ পর্বের খেলায় যশোরের সামসুল হুদা স্টেডিয়ামে খেলেছিল খুলনা ও রাজশাহী। ওই ম্যাচে খুলনা জেতে ৩১ রানে। আর একই পর্বে সিটেল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলে ঢাকা মেট্রো। ওই ম্যাচে সিলেট জেতে ৮ উইকেটে।
দ্বিতীয় পর্যায়ে পূর্ণ শক্তির দল পাচ্ছে খুলনা ও রাজশাহী। খুলনা ফেরত পেয়েছে বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাককে। আর রাজশাহী দল পাচ্ছে ফারহাদ রেজাকে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কারণে মোহাম্মদ আশরাফুলকে দলে পাচ্ছে না ঢাকা মেট্রো। তবে সিলেট পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকায় প্রথম পর্বের শেষ দিকে সিলেটের হয়ে খেলেননি অলক কাপালী। এবার তাকে দলে পাচ্ছে সিলেট।
প্রথম পর্যায় শেষে ৮০ দশমিক ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে খুলনা। ৮০ দশমিক ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ঢাকা মেট্রো। সিলেট ৭৪ দশমিক ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ৭৩ দশমিক ৯৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রাজশাহী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯১০ ঘ.
bdnews24