২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবু ও ধীমানের শতকে এগিয়ে রংপুর

ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম পর্বের খেলার দ্বিতীয় দিনে আলাউদ্দিন বাবু ও ধীমান ঘোষের শতকের সুবাদে চট্টগ্রামের বিপক্ষে অনেকটাই এগিয়ে রংপুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম পর্বের খেলার দ্বিতীয় দিনে আলাউদ্দিন বাবু ও ধীমান ঘোষের শতকের সুবাদে চট্টগ্রামের বিপক্ষে অনেকটাই এগিয়ে রংপুর। রংপুর-চট্টগ্রাম বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পঞ্চম উইকেটে বাবু ও ধীমানের ঘোষের ৩২২ রানের জুটির সুবাদে মঙ্গলবার দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৪২৯ রান করেছে রংপুর। ফলে ৫ উইকেট হাতে নিয়ে এখনই ৪৩৩ রানে এগিয়ে রয়েছে দলটি। ২০৭ বলে ২২টি চার ও একটি ছয়ের সাহায্যে ১৮০ রান করে বাবু বিদায় নিলেও অপরাজিত রয়েছেন ধীমান। ২১৫ বলে ২২ চার ও এক ছক্কার সাহায্যে ১৬২ রান নিয়ে দিন শেষ করেন ধীমান। এর আগে বিনা উইকেটে ৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে রংপুর। এক পর্যায়ে ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিলো তারা। তবে বাবু-ধীমানের ব্যাটিং দৃঢ়তায় সেই বিপদ কাটিয়ে ভালো ভাবেই এগিয়ে আছে দলটি। চট্টগ্রামের পক্ষে কাজী কামরুল ২ উইকেট নেন ৫৪ রানে। রাজশাহী-বরিশাল যশোরের সামসুল হুদা স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৩ রান করেছে রাজশাহী। ৬ উইকেট হাতে নিয়ে ১৭৯ রানে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। জুনায়েদ সিদ্দিক ২০ ও মুক্তার আলী ৫ রানে ব্যাট করছেন। সর্বোচ্চ ৬৪ রান আসে মিজানুর রহমানের ব্যাট থেকে। এছাড়া ৩৩ রান করে আসে হামিদুল ইসলাম ও ফরহাদ হোসেনের ব্যাট থেকে। বরিশালের পক্ষে সোহাগ গাজী ও কামরুল ইসলাম রাব্বি ২টি করে উইকেট নেন। এর আগে ৫ উইকেটে ৭৪ রান নিয়ে মঙ্গলবার দিনের খেলা শুরু করে বরিশাল। ৫৫ বলে ৮টি চার ও চারটি বিশাল ছক্কার সাহায্যে করা সোহাগের ৬৯ রানের সুবাদে প্রথম ইনিংসে ২১৬ রান করে বরিশাল। এছাড়া ৩৪ রান করে আসে জাভেদ ওমর বেলিম ও তৌহিদুল ইসলামের ব্যাট থেকে। রাজশাহীর পক্ষে ৩টি করে উইকেট নেন দেলোয়ার হোসেন, মুক্তার ও সাকলায়েন সজীব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৫৩ ঘ.