২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নের প্রশংসায় পঞ্চমুখ স্যামি, রামপলা

ভারত সফরে প্রথম ম্যাচ জেতার পর অভিষিক্ত অফস্পিনার সুনীল নারায়নের উচ্ছ্বসিত প্রসংশা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি ও পেসার রবি রামপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত সফরে প্রথম ম্যাচ জেতার পর অভিষিক্ত অফস্পিনার সুনীল নারায়নের উচ্ছ্বসিত প্রসংশা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি ও পেসার রবি রামপল। আহমেদাবাদে তৃতীয় ওয়ানডেতে নারায়ন ২ উইকেট নেন ৩৪ রানে। ওই ম্যাচ জেতার পরেও অবশ্য পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে স্যামি বলেন, “ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে। দারুণ ব্যাট করেছে তারা। রবি রামপল ও মারলন স্যামুয়েলস দারুণ বল করেছেন। তাদের দারুণ সঙ্গ দিয়েছেন অভিষিক্ত সুনীল নারায়ন সব মিলিয়ে এ জয় দলগত প্রচেষ্টায়।” “নারায়ন ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলে গেছেন। তখনো চাপের সময় বল করেছেন তিনি। ত্রিনিদাদ ও টোবাগো দলে তিনি যে ভূমিকা পালন করেন এখানেও তাই করেছেন,” যোগ করেন স্যামি। নতুন বলেই ২৩ বছর বয়সী নারায়নকে আক্রমণে নিয়ে আসেন স্যামি। প্রথম দশ ওভারে বল করার পাশাপাশি ব্যাটিং ও বোলিং পাওয়ার প্লেতেও বল করেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে তুলে নিয়ে নিজের প্রথম ওয়ানডে উইকেট নেন তিনি। রোহিত শর্মার সঙ্গে ৯১ রানের জুটি গড়ে তোলা রবীচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে দিয়ে নেন দ্বিতীয় উইকেট। রামপল নারায়নের ব্যাপারে বলেন, “প্রথম ম্যাচেই দলকে দারুণ সাফল্য এনে দিয়েছেন নারায়ন। এভাবে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা একটা দারুণ ব্যাপার।” “শুরুর দিকে আক্রমণে এসে তিনি খুব গুরুত্বপূর্ণ একটি উইকেট নেন। শেষ দিকেও নেন গুরুত্বপূর্ণ আরেকটি উইকেট। তিনি ভারতের ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করেন, সেটাই শেষ পর্যন্ত আমাদের কাজে লাগে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪০৬ ঘ.