২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় ওয়ানডেতে ভারতকে ১৬ রানে হারিয়ে সিরিজে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ওয়ানডেতে ভারতকে ১৬ রানে হারিয়ে সিরিজে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদের মুতেরা স্টেডিয়ামে পাওয়া এ জয়ের পরেও পাঁচ ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ইন্দোরে চতুর্থ ম্যাচে মাঠে নামবে দল দুটি। সোমবার টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে মারলন স্যামুয়েলসের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ২৬০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে রোহিত শর্মার অর্ধশতকের পরেও ৪৬ ওভার ৫ বলে ২৪৪ রানে অলআউট হয় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। তাদের ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে অধিনায়ক বীরেন্দর শেবাগ (০) ও গৌতম গম্ভিরকে (০) সাজঘরে ফেরত পাঠান রবি রামপল। স্কোর বোর্ডে তখন কেবল ৮ রান। তৃতীয় উইকেটে বিরাট কোহলি ও পার্থিব প্যাটেল ৩৫ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। দলীয় ৪৩ রানে বিদায় নেন কোহলিও (২০)। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলা পার্থিব সাজঘরে ফেরেন ৭৯ রানে। ৩৫ বলে ৭টি চারের সাহায্যে ৩৯ রান করেন তিনি। এর পর বেশিক্ষণ টেকেননি সুরেশ রায়না (২) রবীন্দ্র জাদেজা (১১)। ফলে ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। ষষ্ঠ উইকেটে ৯১ রান যোগ করে দলকে জয়ের পথে নিয়ে আসেন রোহিত ও রবীচন্দ্রন অশ্বিন। দলীয় ১৯৬ রানে অশ্বিন (৩১) বিদায় নিলে খেলায় ফিরে সফরকারীরা। তখনো স্বাগতিকদের আশা হয়ে টিকে ছিলেন রোহিত। শেষ পর্যন্ত ৯৫ রানে রান আউট হয়ে বিদায় নেন রোহিত। তার ১০০ বলের ইনিংসে ১০টি চার ও একটি বিশাল ছক্কা। দলীয় ২১৬ রানে রোহিতের বিদায়ের পর শেষ একটা চেষ্টা করে দশম উইকেট জুটি। ২৮ রান যোগ করে জয়ের একটা সম্ভাবনাও তৈরি করে তারা। কিন্তু রামপলের বলে অভিমান্যু মিথুন (২৩) এলবিডব্লিউর ফাঁদে পড়লে ১৯ বল আগেই থেমে যায় ভারতের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রামপল ৪ উইকেট নেন ৫৭ রানে। এর আগে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে লেন্ডল সিমন্স (১) বিদায় নিলে চাপে পড়ে সফরকারীরা। ডেনজা হায়াট ও স্যামুয়েলন দ্বিতীয় উইকেটে ৪০ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। দলীয় ৪২ রানে মিথুনের বলে পার্থিবের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন হায়াট (২০)। স্যামুয়েলসের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন ড্যারেন ব্র্যাভো। দলীয় ৯৭ রানে আহত হয়ে অবসর নেন ব্র্যাভো (২৬)। নিজের অর্ধশতকে পৌঁছে দলীয় ১২২ রানে সাজঘরের পথ ধরেন স্যামুয়েলস (৫৮)। স্যামুয়েলস তার ৯৩ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও একটি বিশাল ছয় দিয়ে। তার বিদায়ের পর ৫৫ রান যোগ দলকে ১৭৭ পর্যন্ত নিয়ে যান দিনেশ রামদিন ও কাইনর পোলার্ড। উমেশ যাদবের বলে পার্থিবের হাতে ক্যাচ দেয়ার আগে রামদিন করেন ৩৮ রান। ৪ রান পরেই তাকে অনুসরণ করেন পোলার্ড (২৯)। ১৮১ রানে ৫ উইকেট হারানো সফরকারীদের লড়াইয়ের পুঁজি এনে দেন ড্যারেন স্যামি ও আন্দ্রে রাসেল। শেষ ৭ ওভারে ৯৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ, তার অধিকাংশই আসে এ দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে। ৩৪ বলে ৭৯ রান যোগ করেন তারা। স্যামি ১৭ বলে ৫টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪১ ও রাসেল ১৮ বলে ৪টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৪০ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে বিনয় কুমার ২ উইকেট নেন ৩৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫১ ঘ.