ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া টেস্ট দলে নতুনদের জয়জয়কার। গত দুই টেস্টে অভিষিক্ত দুই পেসার ম্যাচ জিতিয়েছে অস্ট্রেলিয়াকে। এরই ধারাবাহিকতায় হোবার্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে অস্ট্রেলিয়া দলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ানের।
বেন কাটিং চোটে পড়ায় তার জায়গায় খেলবেন ক্রিস্টিয়ান। শুক্রবার শুরু হতে যাওয়া ওই ম্যাচের জন্য সোমবার ১২ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। ওই দলে নেই শেন ওয়াটসন, প্যাট কামিন্স, রায়ান হ্যারিস ও শন মার্শ।
দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জন ইনভেরারিটি বলেন, “চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে বেনকে। যা স্বাভাবিকভাবেই তার জন্য হতাশজনক। কিন্তু এটাই ড্যানিয়েলকে সুযোগ তৈরি করে দিয়েছে।”
“ব্রিসবেনে চমৎকার ওই জয়ের পর মাইকেল ক্লার্ক ও তার দল ভীষণ উজ্জীবিত। বিশেষ করে অভিষেকেই জেমস প্যাটিনসন যা করেছে সেটা শুধু দলকেই নয় বরং প্রতিটি নতুন মুখকে দারুণভাবে অনুপ্রাণিত করছে,” যোগ করেন তিনি।
অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নার, ফিলিপ হিউজ, উসমান খাজা, রিকি পন্টিং, মাইকেল হাসি, ব্রাড হ্যাডিন, পিটার সিডল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, নাথান লিওন ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫০ ঘ.
bdnews24