ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের প্রথম লেগের শেষ পর্ব সোমবার চারটি ভেন্যুতে একযোগে শুরু হচ্ছে।
যশোরের সামসুল হুদা স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামবে বরিশাল। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে ঢাকা, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ঢাকা মেট্রো ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম লড়াইয়ে নামবে রংপুরের বিপক্ষে।
ছয় পর্ব শেষে ৭৫.৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা মেট্রো। ৬৮.২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা। ৬৩.৬ পয়েন্ট নিয়ে সিলেট তৃতীয় স্থানে। বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ৬০.৫৪ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। আর ৫৭.০৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম।
দ্বিতীয় লেগে উঠার লড়াইয়ে রয়েছে মূলত এই পাঁচটি দল। ১১ ডিসেম্বর চারটি দল নিয়ে দ্বিতীয় লেগের খেলা শুরু হবে।
লিগের নতুন দল রংপুুর ৪৩.৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। ৩৮.৯৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বরিশাল। গত আসরের রানার্সআপ ঢাকা ৩১.৫২ পয়েন্ট নিয়ে আছে সাবার শেষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমএইচ/১৭০২ঘ.
bdnews24