ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডন ব্র্যাডম্যানের ১৯৪৮ সালের ‘অপরাজেয়’ দলের সর্বশেষ তিন সদস্যের একজন স্যাম লক্সটন গেছেন। কুইন্সল্যান্ডে ৯০ বছর বয়সে মারা যান তিনি। শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এ খবর জানায়।
অন্য দুজন হলেন, আর্থার মরিস ও নিল হার্ভে।
২০১০ সালে রন হ্যামেন্স মারা যাওয়ার পর লক্সটনই অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট খেলোয়াড় ছিলেন বলেও জানায় সিএ।
এখন অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়স্ক জীবিত টেস্ট ক্রিকেটার ৮৯ বছর বয়সী মরিস। সাবেক সতীর্থ লক্সটন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে মরিস বলেন, “তিনি (লক্সটন) লড়াকু প্রতিযোগী এবং অনেক ভালো সতীর্থ ছিলেন। যিনি মাঠে প্রচুর মজা করতেন।”
অলরাউন্ডার লক্সটন ১৯৪৮ থেকে ১৯৫১ সাল পর্যন্ত ১২টি টেস্ট খেলেন। ব্র্যাডম্যানের ‘অপরাজেয়’ দলের সদস্য হিসেবেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন। ওই দলটি টানা ৩৪ ম্যাচ অপরাজিত ছিলো।
লক্সটনের খেলার ধরণকে ‘খুবই আক্রমণাত্মক’ বলে বর্ণনা করেন ব্র্যাডম্যান।
১৯৪৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে নিজের একমাত্র টেস্ট শতকটি (১০১) করেন লক্সটন। ৩৬ দশমিক ৯৩ গড়ে তার মোট রান ৫৫৪।
১৯৫০-১৯৫১ অ্যাশেজ সিরিজের পরই লক্সটনের টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায়। তবে ভিক্টোরিয়ার হয়ে ১৯৫৮ সাল পর্যন্ত প্রথম শ্রেনীর ক্রিকেট খেলা চালিয়ে যান তিনি।
এছাড়া ১৯৭২ সালে লক্সটন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটিতে এবং ১৯৮১ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সদস্য ছিলেন। ২৪ বছর রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি। ১৯৪৬ সালে খেলেছেন ভিক্টোরিয়ান ফুটবল লিগেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০৬ ঘ.
bdnews24