ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরাট কোহলির অষ্টম শতকের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। তখনো হাতে ছিল ১১ বল। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। সোমবার আহমেদোবাদে তৃতীয় ম্যাচে খেলবে দল দুটি।
বিশাখাপত্তনমে শুক্রবার টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে রবি রামপল ও লেন্ডল সিমন্সের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২৬৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে কোহলির শতক ও রোহিত শর্মার অপরাজিত অর্ধশতকের সুবাদে ৪৮ ওভার ১ বলে ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ২৯ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন পার্থিব প্যাটেল (২) ও গৌতম গম্ভির (১২)। দলীয় ৮৪ রানে বিদায় নেন অধিনায়ক বীরেন্দর শেবাগও (২৬)।
সেখান েেক দলকে টেনে তুলেন কোহলি ও রোহিত। চর্তু উইকেটে তারা যোগ করেন ১৬৩ রান। ৪৫তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে কোহলি করেন ১১৭ রান। দলের রান তখন ২৪৭। তার ১২৩ বলের ইনিংসে ১৪টি চার।
এক রান পরেই সুরেশ রায়না (০) তাকে অনুসরণ করলে হঠাৎ চাপে পড়ে ভারত। তবে রোহিত ও রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত দলকে সহজ জয় এনে দেন। রোহিত ৯০ ও জাদেজা ৯ রানে অপরাজিত থাকেন। রোহিতের ৯৮ বলের ইনিংসে ৭টি চার ও দুটি বিশাল ছক্কা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রামপল ও কেমার রোচ দুটি করে উইকেট নেন।
এর আগে দশম উইকেটে রামপল ও রোচ জুটির অপরাজিত ৯৯ রানের সুবাদে লড়াই করার পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত রামপল ৮৬ ও রোচ ২৪ রানে অপরাজিত থাকেন।
ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকলেও অন্য প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ায় মাত্র ৬৩ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ক্যারিবীয়রা।
কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ওই পাঁচ উইকেটেই ১০০ পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দলীয় ১১৯ রানে বিদায় নেন পোলার্ড। ৩০ বলে ৩৫ রান করেন তিনি। যেখানে চার ৩টি ও ছয় ২টি।
এরপর অধিনায়ক ড্যারেন স্যামি (২) ও আন্দ্রে রুসেল (১১) দ্রুত বিদায় নিয়ে ১৪৯ রানে ৮ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
একাই লড়ে যাওয়া ক্লান্ত সিমন্স নবম ব্যাটসম্যান হিসেবে যখন রান আউট হয়ে যান তখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৭০। সিমন্স ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০২ বলে ৭৮ রান করেন।
ভারতের ব্যাটসম্যানরা যখন ভাবছেন জয়ের জন্য সহজ লক্ষ্যই পাচ্ছেন তারা তখনই শুরু হয় অবিশ্বাস্য এক কান্ডের।
দশ নম্বরে ব্যাট করতে নামা রামপল ব্যাট হাতে চড়াও হন ভারতীয় বোলারদের উপর। তাকে যথাযথ সঙ্গ দিতে থাকেন এগার নম্বরে নামা রোচ।
এর আগে ৬২টি ওয়ানডে ম্যাচ খেলা রামপলের মোট রান ১৯৯, সর্বোচ্চ রান ২৬! সেই রামপলই কিনা পিটিয়ে তুলোধুনো করতে থাকেন ভারতের বোলারদের। এক সময় প্রথম ক্যারিবীয় দশ নম্বর ব্যাটসম্যান হিসেবে তুলে নেন অর্ধশতক। চলতে থাকে তার ব্যাট। শেষ পর্যন্ত বলের অভাবে তাকে থামতে হয় ৮৬ রানে।
এটা দশ নম্বরে নামা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০০৯ সালে অবুধাবীতে পাকিস্তানের মোহাম্মদ আমির নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৩ রান করেন। রোচও করেন ক্যারিয়ার সর্বোচ্চ রান। ভারতের পক্ষে ৩৮ রানে ৩ উইকেট নেন উমেশ যাদব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২৩৪৮ ঘ.
bdnews24