ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের জন্য আলাদা-আলাদা কোচ নয়, বরং জাতীয় দলের জন্য একজন কোচ রাখার পক্ষপাতী ওয়াসিম আকরাম। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধও জানিয়েছেন তিনি।
কয়েক মাস আগে পাকিস্তানের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনিস। তার পর থেকেই জাতীয় দলের জন্য কোচের খোঁজ করছে পিসিবি। তাদের আগ্রহ বিদেশী কোচের দিকে।
সাবেক ব্যাটসম্যান ও বর্তমান প্রধান নির্বাচক মহসিন খান এখন জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন। তিনি অবশ্য পাকাপাকিভাবে দায়িত্বটা পালন করতে আগ্রহী।
পিসিবির নতুন প্রধান জাকা আশরাফ স¤প্রতি জানিয়েছেন, জাতীয় দলে একজন কোচের পরিবর্তে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের জন্য আলাদা কোচ নিয়োগের কথা ভাবছেন তিনি।
তবে আশরাফের সঙ্গে একমত নন অনেকের মতেই সর্বকালের সেরা বাঁহাতি পেসার আকরাম।
যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক পত্রিকা ‘দ্য নেশন’কে তিনি বলেন, “আমার মনে হয় আলাদা কোচ নিয়োগের পরিকল্পনাটি পাকিস্তানের জন্য ভালো হবে না। তাদের বরং দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার মতো একজন কোচ প্রয়োজন। একাধিক কোচের উপস্থিতি সবকিছু জটিল করে তুলতে পারে।”
নতুন কোচ খোঁজার দায়িত্ব পাওয়া কমিটি পাঁচ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। কিন্তু আশরাফ আলাদা কোচের বিষয়ে আগ্রহ প্রকাশ করায় ওই কমিটির কাজের গতি আপাতত স্তিমিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩১ঘ.
bdnews24