ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটিং নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা নতুন কিছু নয়। মঙ্গলবার একমাত্র টি-টোয়েন্টিতে আবারও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাই ব্যাটিং-শঙ্কা নিয়েই বৃহস্পতিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় টি-টোয়েন্টিতে লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি বাংলাদেশ। তামিম ইকবালের চোটও হতোদ্যম করে দেয় তাদের। প্রথম ওয়ানডেতে অবশ্য চোট কাটিয়ে তামিমের খেলার জোরালো সম্ভাবনা।
আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস অনেক দিন ধরেই রানের মধ্যে নেই। টি-টোয়েন্টিতেও রান পাননি। ইমরুলকে নিয়ে তাই বেশ উদ্বিগ্ন বাংলাদেশ।
তিন নম্বরে কাকে খেলানো হবে তা নিয়েও দুশ্চিন্তা কম নয়। সা¤প্রতিক সময়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে কেউই তেমন রান পাননি। ঘুরিয়ে-ফিরিয়ে কয়েক জনকে খেলানো হলেও তাতে কোনো লাভ হয়নি। তাই মাঝের সারির ব্যাটসম্যানদেরও বাড়তি চাপ নিয়ে নামতে হচ্ছে।
মাঝের সারিতে সাবেক ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম প্রায় নিয়মিতভাবে রান করলেও অন্যরা সেভাবে জ্বলে উঠতে পারছেন না। তবে নিচের সারিতে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন নাসির হোসেন। স্বাগতিকদের জন্য এটা বাড়তি পাওনা।
বোলিং আক্রমণে যথারীতি স্পিনারদের দিকে তাকিয়ে বাংলাদেশ। তিন বাঁহাতি আব্দুর রাজ্জাক, সাকিব ও ইলিয়াস সানির সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, অলক কাপালী, নাসিরদের উপস্থিতিতে বাংলাদেশের স্পিন আক্রমণ দারুণ বৈচিত্র্যময়।
তবে পাকিস্তানের বোলিং আক্রমণও ভীষণ শক্তিশালী। উমর গুল, সোহেল তানভীর ও আইজাজ চিমার মতো পেসাররা যে কোনো প্রতিপক্ষকেই বিপদে ফেলতে সক্ষম। তাদের সঙ্গে আছেন সাঈদ আজমল ও শহিদ আফ্রিদির মতো দুই ভয়ঙ্কর স্পিনার। মূলত ব্যাটসম্যান হলেও মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের অফস্পিনও অতিথিদের জন্য বড় অনুপ্রেরণা। এই বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুশ্চিন্তায় থাকারই কথা।
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে পাকিস্তানের ব্যাটিংও বেশ শক্তিশালী। ইমরান ফারহাত, উমর আকমল, আফ্রিদির মতো আক্রমণাত্মক ব্যাটসম্যানদের সঙ্গে দুই অভিজ্ঞ ইউনুস খান ও অধিনায়ক মিসবাহ-উল-হকের উপস্থিতি অতিথিদের ব্যাটিং লাইনআপকে দারুণ সমৃদ্ধ করেছে।
পাকিস্তানের সঙ্গে এর আগে ২৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। হেরেছে ২৫টিতেই। একমাত্র জয়টি ১৯৯৯ বিশ্বকাপে, নর্দাম্পটনে।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২৮৫/৭ ও সর্বনিু ৮৭। আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ রান ৩৮৫/৭ ও সর্বনিু ১৬১। ৫০ ওভারের ক্রিকেটে পাকিস্তানকে দু শর নিচে ঐ একবারই অলআউট করতে পেরেছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৮ঘ.
bdnews24