২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংকে নিয়ে বিতর্ক চলছেই

সম্মান দেখানোর জন্য নয়, বরং যোগ্যতার ভিত্তিতেই রিকি পন্টিংকে অস্ট্রেলিয়া দলে রাখা উচিৎ বলে মনে করেন মার্ক ওয়াহ। ক্রিস কেয়ার্নসের অবশ্য বিশ্বাস, পন্টিং ‘দলের বোঝা’ হিসেবে পরিণত হয়েছেন এখন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্মান দেখানোর জন্য নয়, বরং যোগ্যতার ভিত্তিতেই রিকি পন্টিংকে অস্ট্রেলিয়া দলে রাখা উচিৎ বলে মনে করেন মার্ক ওয়াহ। ক্রিস কেয়ার্নসের অবশ্য বিশ্বাস, পন্টিং ‘দলের বোঝা’ হিসেবে পরিণত হয়েছেন এখন। ১৬ বছর আগে পন্টিংয়ের টেস্ট অভিষেক। সাবেক অধিনায়কের ব্যাটে অস্ট্রেলিয়ার অনেক স্মরণীয় জয়ের জন্ম। কিন্তু বেশ কিছু দিন ধরে সময়টা ভালো যাচ্ছে না তার। ব্যাটে রান নেই, বয়সও হয়ে গেছে ৩৭। তাই তার অবসর নিয়ে বিশ্ব ক্রিকেটাঙ্গনে নানা রকম বিতর্ক, গুঞ্জন চলছে। অনেকের মতে এখনই পন্টিংয়ের অবসর নেয়া উচিৎ। কেউ কেউ আবার আরো কিছু দিন আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে চান তাকে। এমন কঠিন সময়ে বর্তমান ও সাবেক কয়েক জন সতীর্থকে পাশে পেয়েছেন পন্টিং। তাদেরই একজন মার্ক ওয়াহ। ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকাকে তিনি বলেন, “রিকি পন্টিং বড় মাপের খেলোয়াড়। দলের জন্য তার অভিজ্ঞতা অমূল্য। তবে তার প্রধান কাজ হলো রান করা। বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞতার চেয়েও রান করাটাই বেশি গুরুত্বপূর্ণ। দলে টিকে থাকতে হলে তাকে রান করতেই হবে।” “পন্টিং নিজের সেরা সময়ে নেই। অবশ্য জোহানেসবার্গ টেস্টে তিনি রান পেয়েছেন। এটা একটা ইতিবাচক লক্ষণ। ওই টেস্টে তিনি নিজের সেরা সময়ের কাছাকাছি ছিলেন। কিন্তু তাকে নিজেকে ছাড়িয়ে যেতে হবে। আর তা পারলে তিনি যতদিন খুশি খেলে যেতে পারবেন,” যোগ করেন মার্ক ওয়াহ। এ ব্যাপারে কেয়ার্নসের অবশ্য একেবারেই ভিন্ন মত । একই পত্রিকাকে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার বলেন, “আমার মনে হয় না গত দুই বছরে ২৭ ব্যাটিং গড় নিয়ে কারো (অস্ট্রেলিয়া দলে) তিন নম্বরে থাকা উচিৎ। আমার মনে হয় এটাই তার (অবসরের ঘোষণা দেয়ার) সময়। এ মুহূর্তে পন্টিং দলের জন্য বোঝা। যদিও অস্ট্রেলিয়া দলে কেউই তা বলছে না।” কেয়ার্নসের মতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের পরই পন্টিংয়ের অবসরের ঘোষণা দেয়া উচিৎ। তা না করলে ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’র পন্টিংয়ের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়া উচিৎ বলেই মনে করেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেয়ার্নস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৯ঘ.