ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটে হারিয়েছে ভারত। তখনো হাতে ছিল ৭ বল।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ২ ডিসেম্বর বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
কটকের বারাবাতি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে ড্যারেন ব্র্যাভোর অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে রোহিত শর্মার অর্ধশতকের সুবাদে ৪৮ ওভার ৫ বলে ৯ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে পার্থিব প্যাটেল (১২) ও অধিনায়ক বীরেন্দর শেবাগ (২০) দলকে উড়ন্ত সূচনা এনে দেন। তবে পঞ্চম ওভারের প্রথম বলে পার্থিব সাজঘরের পথ ধরলে খেলা চিত্র পাল্টে যায়।
মাঝসারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিনা উইকেটে ৩৭ রান থেকে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৫৯ রান। সেখান থেকে দলকে টেনে তুলেন রোহিত ও রবীন্দ্র জাদেজা। ষষ্ঠ উইকেটে ৮৩ রান যোগ করেন তারা।
দলীয় ১৪২ রানে জাদেজা (৩৮) বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় ভারত। ১৭ রান পর রবীচন্দ্রন অশ্বিনও (৬) বিদায় নিলে খেলায় ফিরে ওয়েস্ট ইন্ডিজ। তবে অষ্টম উইকেটে রোহিত ও বিনয় কুমার ৪২ রান যোগ করে দলকে নিয়ে আসেন জয়ের পথে।
দলীয় ২০১ রানে রোহিত (৭২) ও বিনয় (১৮) বিদায় নিলে বিপদে পড়ে স্বাগতিকরা। জয় থেকে ভারত তখন ১১ রান দূরে। রোহিতের ৯৯ বলের ইনিংসে ৩টি চার ও একটি বিশাল ছক্কা। দশম উইকেটে বরুণ অ্যারন ও উমেশ যাদব। বরুণ ১১ বলে ৬ ও উমেশ ৯ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত খাত থেকে আসে ২৩ রান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ৩ উইকেট নেন ৪৬ রানে।
এর আগে ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজকে ভালো অবস্থানে নিয়ে যান ব্র্যাভো ও ডেনজা হায়াট (৩১)। দলীয় ১৫৪ রানে ব্র্যাভো (৬০) সুরেশ রায়নার বলে বোল্ড হয়ে গেলে পথ হারায় সফরকারীরা। এর পর আর ৫৭ রান যোগ করতে আরো ৪ উইকেট হারায় তারা।
ব্র্যাভো তার ৭৪ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে। এছাড়া আন্দ্রে রাসেল ২২ ও লেন্ডল সিমন্স ১৯ রান করেন।
ভারতের পক্ষে যাদব ও বরুণ দুটি করে উইকেট নেন। এ জন্য যাদব দেন ৩৩ রান। বরুণ ৪৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩১ ঘ.
bdnews24