ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত ১১ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
পাকিস্তানের সঙ্গে এর আগে চারটি টি-টোয়েন্টি খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের অর্জন দারুণ সমৃদ্ধ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের রানার্সআপ ও দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন তারা। তৃতীয় ও সর্বশেষ আসরেও সেমিফাইনালে উঠেছিলো পাকিস্তান।
মঙ্গলবার সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে পড়তে হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বোলাররা দারুণ সফল। ২০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী তিন বোলার শহিদ আফ্রিদি (৫৩), উমর গুল (৪৯) ও সাঈদ আজমল (৪৬) পাকিস্তানের বর্তমান দলটির সদস্য।
পাকিস্তানের ব্যাটিং লাইনআপও দারুণ শক্তিশালী। আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, উমর আকমলরা ভালো ছন্দে আছেন। অধিনায়ক মিসবাহ-উল-হক ও ইউনুস খানের অভিজ্ঞতাও তাদের জন্য বিরাট অনুপ্রেরণা।
অবশ্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশেরও আত্মবিশ্বাসের অভাব নেই। চার বছর পর সেটাই ছিলো বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে স্বাগতিকরা দৃঢ় প্রতিজ্ঞ।
বাংলাদেশের বড় শক্তি অলরাউন্ডাররা। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, নাসির হোসেন, অলক কাপালী ও ফরহাদ রেজার উপস্থিতি ব্যাটিং গভীরতা বৃদ্ধির পাশাপাশি স্বাগতিকদের বোলিং আক্রমণও বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সর্বশেষ সিরিজে উইকেট নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। স্পিন বাংলাদেশের বোলিং আক্রমণের প্রধান শক্তি। তাই স্পিন সহায়ক উইকেটের প্রত্যাশা করারই কথা মুশফিকের।
পাকিস্তানের সঙ্গে অবশ্য এ ধরনের উইকেট উল্টো বিপদে ফেলে দিতে পারে বাংলাদেশকে। তবু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের অভাব নেই স্বাগতিকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৫ঘ.
bdnews24