ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ১৭ সদস্যের ভারতীয় দলে সুযোগ পাননি অফস্পিনার হরভজন সিং ও অলরাউন্ডার যুবরাজ সিং। তবে তারা দ্রুতই দলে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
ভারতের একটি বার্তা সংস্থা আইএএনএসকে সৌরভ বলেন, “তিনি (হরভজন) প্রতিভাবান খেলোয়াড় এবং আমাদের অন্যতম সেরা স্পিনার। দল থেকে বাদ পড়া খেলারই অংশ। অনেক বড় খেলোয়াড়ও (তাদের খেলোয়াড়ী-জীবনে) দল থেকে বাদ পড়েছেন। তিনি দ্রুতই দলে ফিরবেন।”
যুবরাজ সম্পর্কে তিনি বলেন, “যুবরাজের দলে প্রত্যাবর্তন সময়ের ব্যাপার মাত্র। বিশ্বকাপের আগে অনেকেই তাকে (যুবরাজ) বাতিলের খাতায় ফেলে দিয়েছিলো। কিন্তু বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়ে তিনি তার সমালোচকদের ভুল প্রমাণিত করেন। তিনি আবার দলে ফিরে আলোড়ন তুলবেন।”
অস্ট্রেলিয়া সফরে চারটি টেস্ট খেলবে ভারত। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে প্রথম টেস্ট। টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়ার সঙ্গে দুটো টি-টোয়েন্টি এবং একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে অংশ নেবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারত, অস্ট্রেলিয়া ছাড়া ঐ টুর্নামেন্টের তৃতীয় দল শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪২ঘ.
bdnews24