ঢাকা, নভেম্বের ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয় বছরেরও বেশি সময় পরে বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ সফরে আসা পাকিস্তান দলের অলরাউন্ডার মোহা¤ম্মদ হাফিজ নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করেছেন। তবে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই যে এসেছেন সে কথাও জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে।
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার রাত আটটার দিকে পৌঁছায় পাকিস্তান দল। সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা।
বিমান বন্দরে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজ বলেন, “সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের ক্রিকেটেই দারুণ জয় পেলেও বাংলাদেশকে খাটো করে দেখছি না আমরা। নিজেদের মাঠে বাংলাদেশ ভয়ঙ্কর দলগুলোর একটি।”
“আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভাল একটা সিরিজ শেষ করে এসেছি। তাই আমরা মানসিক ভাবে বেশ চাঙ্গা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখন কোন দলকেই হাল্কা ভাবে নেয়ার সুযোগ নেই,” যোগ করেন তিনি।
বাংলাদেশের প্রতি শ্রদ্ধাবোধ থাকলেও শক্তির বিচারে নিজেদের দলটিকেই এগিয়ে রাখছেন তিনি।
তিনি বলেন, “আমাদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। পুরনোদের পাশাপাশি মোহাম্মদ তালহার মতো নতুন পেসাররাও উঠে আসছেন।”
“শহিদ আফ্রিদি ফেরায় দলের ভারসাম্য অনেকখানি বেড়েছে। আফ্রিদি এই মুহূর্তে দুর্দান্তছন্দে আছেন। তাই আশা করছি সিরিজটা ভালই হবে,” যোগ করেন তিনি।
২০০২ সালে বাংলাদেশে শেষবার পূর্ণাঙ্গ সফরে এসেছিল পাকিস্তান। ওই সিরিজে সফরকারীরা ওয়ানডে সিরিজ ৩-০ আর টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২২ ঘ.
bdnews24