ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের পর টানা তিনটি ওয়ানডে সিরিজে হার মেনেছে বাংলাদেশ। এবার তাদের প্রতিপক্ষ পাকিস্তান। তবে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদ জানিয়েছেন প্রতিপক্ষ নয়, নিজেদের সমস্যার সমাধান নিয়েই তারা বেশি উদ্বিগ্ন।
শনিবার জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে মাহমুদুল্ল¬াহ বলেন, “প্রতিপক্ষ নিয়ে আমরা এখনো ভাবছি না। আমাদের মনে হচ্ছে সবার আগে নিজেদের দুর্বলতাগুলো নিয়ে কাজ করা দরকার। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আশা করি প্রস্তুতির সুফল মাঠে দেখাতে পারবো।”
পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে সিরিজ নিয়ে কী ভাবছেন জানতে চাইলে মাহমুদুল্ল¬াহ বলেন, “আগেই বলেছি আমরা পাকিস্তানকে নিয়ে ভাবছি না। আমরা নিজেদের প্রস্তুতি নিয়েই এখন ব্যস্ত।”
“ম্যাচের আগে আমরা প্রতিপক্ষকে নিয়ে বৈঠক করব। তার আগে আর কোনো ভাবনা মাথায় আনতে চাই না,” যোগ করেন তিনি।
তবে পাকিস্তানের পেস আক্রমণকে বাংলাদেশের জন্য বড় হুমকি বলে মানছেন মাহমুদুল্ল¬াহ। অবশ্য ব্যাটসম্যানরা দক্ষতার সঙ্গে খেলতে পারলে বাংলাদেশের পক্ষে ভালো খেলা সম্ভব বলেও মনে করেন তিনি।
বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে জাতীয় দলের সহ-অধিনায়ক বলেন, “প্রধান লক্ষ্য তো অবশ্যই সিরিজ জয়। অবশ্য পাকিস্তান এখন খুবই ভালো খেলছে। জিততে হলে আমাদের তাদের চেয়ে অবশ্যই ভালো খেলতে হবে।”
“আমাদের দল এখন বেশ ভারসাম্যপূর্ণ। একজন পেসার কম ছিলো। আশা করি ফরহাদ রেজা সেই শূন্যতা পূরণ করতে পারবেন। এছাড়া বেশ কয়েক জন ভালো অলরাউন্ডার রয়েছেন। তারা আমাদের দলের শক্তি অনেকখানি বাড়িয়ে দিয়েছেন,” যোগ করেন তিনি।
সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ার পর অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারেননি। পাকিস্তানের সঙ্গে ভালো খেলতে তাই দৃঢ় প্রতিজ্ঞ মাহমুদুল্লাহ। তিনি বলেন, “আমি এই সিরিজের দিকে তাকিয়ে আছে। ছন্দে ফিরতে কঠোর অনুশীলন করে যাচ্ছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৯ঘ.
bdnews24