২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থানের লড়াইয়ে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষস্থান নির্ধারণী খেলায় শনিবার মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। খেলাটি হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষস্থান নির্ধারণী খেলায় শনিবার মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। খেলাটি হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই দিনে ফতুল্ল¬ায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এদিকে বৃহস্পতিবার পাকিস্তান ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে ও ওয়েস্ট ইন্ডিজ ৫৮ রানে শ্রীলঙ্কাকে হারায়। আর ওয়ানডে মর্যাদা ধরে রাখার লড়াইয়ে নামা আয়ারল্যান্ড ৪ উইকেটে হারায় নেদারল্যান্ডসকে। ইংল্যান্ডের পর ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে ওয়ানডে মর্যাদা থাকছে আয়ারল্যান্ডের। অন্যদিকে হেরে গিয়ে ওয়ানডে মর্যাদা হারাল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮০ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৭ ওভার ৫ বলে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। যদিও লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সানা মীরের দল। তবে পঞ্চম উইকেটে নাইন আবিদি ও জাভেরিয়া খান ৪৭ রান যোগ করে দলকে খেলায় ফেরান। দলীয় ১০১ রানে নাইন (২৯) বিদায় নিলে আবারো ধাক্কা খায় পাকিস্তান। রায়েবা শাহও (৩) দ্রুত বিদায় নিলে দলের উপর চাপ আরো বাড়ে। জাভেরিয়াও (৪৭) নিজের অর্ধশতক থেকে মাত্র তিন রান দূরে থাকতে বিদায় নিয়ে নিলে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় পাকিস্তান। তবে অষ্টম উইকেটে মারিনা ইকবাল ও আসমাভিয়া ইকবালের অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি ১৩ বল হাতে রেখেই দলকে জয় এনে দেয়। মারিনা ২৮ ও আসমাভিয়া ২২ রানে রানে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনজন বোলার ২টি করে উইকেট নেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। ৭৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে ৫৯ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন অধিনায়ক মিগনন দু প্রিজ ও মারিজানে কাপ। মিগনন ৪১ ও কাপ ২৯ রান করেন। দুজনই রান আউট হয়ে যান। এছাড়া ডানে ভান নেইকার্ক ৩১ রান করেন। পাকিস্তানের পক্ষে আসমাভিয়া ইকবাল ৩ উইকেট নেন ১৫ রানে। এছাড়া অধিনায়ক সানা মীর ২ উইকেট নেন ৪০ রানে। ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তিন অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ২৩৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৭ উইকেটে ১৭৭ রানে থামে শ্র্রীলঙ্কার ইনিংস। যদিও লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেন চামারি আতাপাত্তু ও যশোদা মেন্ডিস। দলীয় ৬৭ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান যশোদা (২০)। দলীয় ৮৫ রানে আতাপাত্তুও (৫৬) বিদায় নিলে হুড়মুড় করেই ভেঙ্গে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লইন-আপ। এক পর্যায়ে ১ উইকেটে ৮০ থেকে ৭ উইকেটে ১০৭ এ পরিণত হয় দলটি। এর পর সুইনি ডি আলবিস ও চামানি সেনেবীরারতেœ পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছেন। অষ্টম উইকেটে তারা যোগ করেন ৭০ রান। আলবিস ৩৯ ও চামানি ২৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আনিসা মোহাম্মদ ৩ উইকেট নেন ২৯ রানে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা চাপে পড়েও সেখান থেকে দলকে টেনে তোলেন স্টেফানি টেলর ও ডিয়ান্ড্রা ডটিন। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৬৮ রান। নিজের অর্ধশতকে পৌঁছে বিদায় নেন টেলর (৫৮)। ৯৯ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি। চতুর্থ উইকেটে ডটিন ও অধিনায়ক মেরিসা আগুইলেইরা যোগ করেন ৭০ রান। শ্রীলঙ্কার সঙ্গে বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন ইশানি কৌশল্য। দলীয় ১৮৬ রানে বিদায় নেন ডটিন (৭৩)। তার ৮৬ বলের ইনিংসে ৭টি চার ও দুটি বিশাল ছক্কা। অবিচ্ছন্ন ষষ্ঠ উইকেটে মেরিসা ও ব্রিটনি কুপার যোগ করেন ৪৩ রান। মেরিসা ৫২ ও কুপার ২৩ রানে অপরাজিত ছিলেন। মেরিসার ৫৫ বলের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা রয়েছে। শ্রীলঙ্কার পক্ষে অসাদি রানাসিংহে ২ উইকেট নেন ৩১ রানে। আয়ারল্যান্ডস-নেদারল্যান্ডস বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস জিত ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৯ রান করে নেদারল্যান্ডস। সর্বোচ্চ ৩৪ রান আসে ক্যারি-অ্যান টমলিনসনের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক হেলমেইন রামবাল্ডো ২৭ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ২৫ রান। আয়ারল্যান্ডের পক্ষে এইমার রিচার্ডসন ২ উইকেট নেন ৩৪ রানে। জবাবে ৩২ ওভার ৩ বলে ৬ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ২৭ রান আসে জিল হয়লানের ব্যাট থেকে। এছাড়া এইমার ২২ ও সিসিলিয়া জয়েস ২০ রান করেন। লিওনি বেনেট ৩ উইকেট নেন ২০ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৫১ ঘ.