২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের জয় ৩ উইকেটে

পঞ্চম ওয়ানডে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। তখনো হাতে ছিল ১৬ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 06:54 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম ওয়ানডে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। তখনো হাতে ছিল ১৬ বল। আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২১৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে অধিনায়ক মিসবাহ-উল-হক ও উমর আকমলের অর্ধশতকের সুবাদে ৪৭ ওভার ২ বলে ৭ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। তৃতীয় উইকেটে ইউনুস খান (৩৪) ও মিসবাহ ৬২ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। দলীয় ১১৩ রানে জীবন মেন্ডিস পরপর দুই বলে ইউনুস ও শোয়েব মালিককে (০) ফিরিয়ে দিলে চাপে পড়ে পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে মিসবাহ ও আকমল ৮৬ রান যোগ দলকে নিয়ে আসেন জয়ের পথে। দলীয় ১৯৭ রানে মিসবাহ (৬৬) মেন্ডিসের তৃতীয় শিকারে পরিণত হন। তার ৯৯ বলের ইনিংসে ৫টি চার রয়েছে। আর পাঁচ রান যোগ করে শহিদ আফ্রিদি (৪) বিদায় নিলে পাকিস্তানকে চেপে ধরে শ্রীলঙ্কা। জয় থেকে ৫ রান দূরে থেকে সোহাইল তানভীর (১) বিদায় নিলে আরো উজ্জ্বীবিত হয়ে উঠে শ্রীলঙ্কা। তবে আকমলের ৬১ রানের ইনিংস পাকিস্তানকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেয়। তিনি তার ৬০ বলের ইনিংসটি সাজান ৮টি চার দিয়ে। শ্রীলঙ্কার পক্ষে মেন্ডিস ৩ উইকেট নেন ৩৬ রানে। এর আগে ৪৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পঞ্চম উইকেটে সাঙ্গাকারা ও ম্যাথিউস ১১৮ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান। কিন্তু দলীয় ১৬৪ রানে সাঙ্গাকারা (৭৮) হাফিজের বলে বোল্ড হয়ে গেলে বড় একটা ধাক্কা খায় শ্রীলঙ্কা। সাঙ্গাকারা তার ১০০ বলের ইনিংস সাজান ৮টি চার দিয়ে। দলীয় ১৮০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ম্যাথিউসও (৬১) বিদায় নিলে আবারো বিপদে শ্রীলঙ্কা। তিনি তার ১০১ বলের ইনিংসটি সাজান দুটি করে চার ও বিশাল ছক্কা দিয়ে। এরপর থিসেরা পেরেরা ২৫ রান করে দলকে লড়াইয়ে পুঁজি এনে দেন। পাকিস্তানের পক্ষে তানভীর ৪ উইকেট নেন ৩৪ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৫৪ ঘ.