ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অফস্পিনার সাঈদ আজমলকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ঘরোয়া সিরিজে সবচেয়ে বড় হুমকি মনে করছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
চলতি মৌসুমে ৬ টেস্টে ২৩.৪১ গড়ে ৪১ উইকেট নিয়ে ইশান্ত শর্মার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকার শীর্ষে রয়েছেন আজমল। এছাড়া ওয়ানডেতে ৩০ উইকেট নিয়ে রয়েছেন নবম স্থানে।
পাকপ্যাশন ডটকমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “আজমলই আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি। তার বিপক্ষে খেলার সময় আমাদের খুব সতর্ক থাকতে হবে।”
কাউন্টি ক্রিকেটে উরস্টারশায়ারের আজমলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে নটিংহ্যামশায়ারের তামিমের। তিনি বলেন, “তার একটি বলই আমি খেলেছি। ওই বলে একরান নিয়ে অন্য প্রান্তে গিয়েই সন্তুষ্ট ছিলাম।”
“তিনি একজন দারুণ বোলার এবং এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে বোলারদের বিশেষ করে আজমলকে মোকাবেলা করা বেশ কঠিন হবে। তিনি একজন অভিজ্ঞ বোলার এবং তার বোলিংয়ে বেশ বৈচিত্র রয়েছে,” যোগ করেন তিনি।
একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ২৬ নভেম্বর বাংলাদেশে আসছে পাকিস্তান।
তামিম বলেন, “পাকিস্তান এই মুহূর্তে দারুণ ক্রিকেট খেলছে। দলের প্রায় সব বোলার ও ব্যাটসম্যান দারুণ ছন্দে রয়েছেন। তাদের বিপক্ষে আমাদের সিরিজ বেশ কঠিন ও চ্যালেঞ্জিং হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২৪ ঘ.
bdnews24