ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানে সিরিজ খেলার বিনিময়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহ-সভাপতি পদে নির্বাচনের ক্ষেত্রে ছাড় পেতে পারে বাংলাদেশ। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনই আভাসই পাওয়া গেছে।
আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী আগামী বছরের এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা। ওই সফরের ব্যাপারে বাংলাদেশের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চায় পাকিস্তান।
এর আগে ২০০৩ সালে পারস্পরিক সমঝোতার মাধ্যমে পাকিস্তানকে আইসিসির নির্বাচনে ছাড় দেয় বাংলাদেশ। এতে আইসিসির সভাপতি হওয়ার সুযোগ পান পাকিস্তানের এহসান মানি। কথা ছিলো এবারের নির্বাচনে বাংলাদেশকে ছাড় দেবে পাকিস্তান।
গত অক্টোবরে আইসিসির নির্বাহী বোর্ডের সভায় পর্যায়ক্রমিক পদ্ধতি অনুযায়ী ২০১২-১৪ মেয়াদে আইসিসির সহ-সভাপতি পদে নির্বাচনে জন্য বাংলাদেশ ও পাকিস্তানকে প্রার্থী মনোনয়ন দেয়ার জন্য আহ্বান জানানো হয়।
৩১ ডিসেম্বরের মধ্যে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে হবে। জানুয়ারিতে আইসিসি এ ব্যাপারে আলোচনা করবে। নতুন সহ-সভাপতি জুনে দায়িত্ব গ্রহণ করবেন।
দুবাইয়ে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও পিসিবি সভাপতি জাকা আশরাফ এরই মধ্যে একবার বৈঠক করেছেন। তবে ওই সভায় তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি।
২৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। ওই সময় দুই দেশের ক্রিকেট বোর্ড প্রধান আবারো আলোচনায় বসতে পারেন।
২০০৯ সালের মার্চে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আর কোনো টেস্ট খেলুড়ে দলের আন্তর্জাতিক ম্যাচ হয়নি। যে কোনো মূল্যে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে নিতে চান আশরাফ। দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে প্রাথমিক লক্ষ্যের দিকে খানিকটা এগিয়েছেনও তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০২৪ ঘ.
bdnews24