ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে এক শতক ও পাঁচ অর্ধশতকের সুবাদে রানের পাহাড়ে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৯ উইকেটে ৫৭৫ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে পঞ্চম বারের মত এক ইনিংসে প্রথম ছয় ব্যাটসম্যানই কমপক্ষে অর্ধশতক পেলেন।
ফিডেল এডওয়ার্ডস ৭ ও দেবেন্দ্র বিশু ২ রানে অপরাজিত রয়েছেন।
১১৬তম ওভারের শেষ বলে রবিচন্দ্রন অশ্বিনকে চার মেরে টেস্টে নিজের তৃতীয় শতক তুলে নেন ড্যারেন ব্রাভো। এটা তার টানা দ্বিতীয় শতক। আর ত্রয়োদশ টেস্ট খেলতে নামা ক্যারিবীয় এই ব্যাটসম্যান তার শতক তিনটি পেয়েছেন সর্বশেষ খেলা চারটি ম্যাচে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ উইকেটে ২৬৭ রান নিয়ে বুধবার দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের মত এদিনও ভারতীয় বোলারদের হতাশ করে খেলে যেতে থাকেন কার্ক এডওয়ার্ডস ও ড্যারেন ব্রাভো। দিনের প্রথম পানি পানের বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে এই জুটি দলের সঙ্গে আরো ৪৭ রান যোগ করে। সব মিলিয়ে এই জুটির অবদান ১৬৪ রান।
১৩টি চারের সাহায্যে ১৬৫ বলে ৮৬ রান করে ইশান্ত শর্মার একমাত্র শিকারে পরিণত হন এডওয়ার্ডস।
এরপর আবারো ভারতীয় বোলারদের দীর্ঘ হতাশা। ব্রাভো ও কাইরন পাওয়েল মিলে চতুর্থ উইকেট জুটিতে ১৬০ রান যোগ করে দলের সংগ্রহ নিয়ে যান ৪৭৪ রানে।
৮১ রান করা পাওয়েল প্রজ্ঞান ওঝার বলে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দী হন। তার ১৪৯ বলের ইনিংসে চার ৯টি।
মারলন স্যামুয়েলসকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে দলের সঙ্গে আরো ৪৪ রান যোগ করার পর ব্রাভোর অসাধারণ ইনিংসটির ইতি টানেন বরুন অ্যারন । ১৬৬ রান করে ধোনির হাতে ধরা পড়েন ব্রাভো। ১৭টি চারের সাহায্যে ২৮৪ বলে ওই রান করেন তিনি। ক্যারিবীয়দের সংগ্রহ তখন ৫১৮/৫।
২১ রানের মধ্যে অ্যারন আরো দুইটি উইকেট তুলে নিয়ে ম্যাচে প্রাণ ফেরান।
এরপর ২৫ রানে অশ্বিন ওয়েস্ট ইন্ডিজের আরো দুইটি উইকেট তুলে নিলে খেলায় ফেরে ভারত। ৬১ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে সাঝঘরের পথ ধরেন স্যামুয়েলস।
অনেকেই ধারণা করেছিলেন শেষ বিকালে ভারতকে ব্যাটিংয়ে নামিয়ে দুএকটি উইকেট তুলে নিতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। তবে সবাইকে অবাক করে এডওয়ার্ডস ও বিশু মিলে দিনের খেলা শেষ করেন।
ভারতের পক্ষে ১৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন অশ্বিন। অ্যারন ৩ উইকেট নেন ১০৬ রানে।
তিন টেস্ট সিরিজের প্রথম দুইটি জিতে নিয়ে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০৮ ঘ.
bdnews24