ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনেও ছিল বোলারদের দাপট।
রংপুর-খুলনা
যশোরে জয়ের জন্য শেষ দুই দিনে রংপুরের প্রয়োজন আরো ২১০ রান। খুলনার ১০ উইকেট। মঙ্গলবার দিন শেষে দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ বিনা উইকেটে ১৩ রান।
রবিউল ইসলাম ৪ ও আহসানুল লিপু ১ রানে ব্যাট করছেন।
এর আগে ৬ উইকেটে ৮২ রান নিয়ে দিনের খেলা শুরু করে ১৩১ রান আলআউট হয় রংপুর। ধীমান ঘোষের অপরাজিত ৬১ রান করেন।
খুলনার মুরাদ খান মাত্র ২৯ রান দিয়ে তুলে নেন ৭ উইকেট।
৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে খুলনা। উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুস সাদাতের ৬০ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ২১৪ রান করে তারা। এছাড়া তাপস ঘোষ ৩৬ রান করেন।
রংপুরের পক্ষে মাহমুদ ৫ উইকেট নেন ৭৫ রানে। তানভীর ৬৭ রানে নেন ৩ উইকেট।
বরিশাল-ঢাকা
ঘরের মাঠে ৭ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে এগিয়ে রয়েছে বরিশাল। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৭০ রান। জুপিটার ঘোষ ৪১ ও ইফতেখার নাঈম ৭ রানে ব্যাট করছেন।
ঢাকার পক্ষে অধিনায়ক মোহাম্মদ শরীফ ২ উইকেট নেন ১৫ রানে।
এর আগে ৫ উইকেটে ৫৫ রান নিয়ে মঙ্গলবার দিনের খেলা শুরু করা ঢাকার প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৯৯ রানে।। দলের বিপদ বাড়িয়ে ৬৯ রানে বিদায় নেন ইমরান আহমেদ (১৪)। সপ্তম উইকেটে মোশারফ হোসেন ও শরীফ (৩৪) ৯৭ রান যোগ করে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান। দলীয় সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত ছিলেন মোশারফ হোসেন।
বরিশালের ইসরাক সনেট ৫৬ রান দিয়ে দখল করেন ৩ উইকেট।
বরিশাল প্রথম ইনিংসে ১৮৩ রান করায় ঢাকা ১৬ রানে লিড পায়।
রাজশাহী-সিলেট
বগুড়ায় মঙ্গলবার দ্বিতীয় দিন শেষে ১০৪ রানে এগিয়ে আছে সিলেট। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৭৯ রান।
গোলাম মাবুদ ১৪ ও ইজাজ আহমেদ ৮ রানে ব্যাট করছেন।
এছাড়া শাকের আহমেদ ৬২ ও রুমান আহমেদ ৪৫ রান করেন। তৃতীয় উইকেটে এ দুজন দলের সঙ্গে ৭০ রান যোগ করেন।
এর আগে প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৪৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে রাজশাহী। সানজামুল ইসলামে ২২ ও মুক্তার আলীর ১৭ রানের সুবাদে শেষ পর্যন্ত ১৭৫ রান করে তারা। ফলে তার প্রথম ইনিংসে এগিয়ে থাকে ৭৫ রানে।
সিলেটের পক্ষে এনামুল হক জুনিয়র ৬ উইকেট নেন ৪২ রানে।
চট্টগ্রাম-ঢাকা মেট্রো
সিলেটে প্রথম ইনিংসে এখনো ১৮৭ রানে পিছিয়ে রয়েছে চট্টগ্রাম। দিন শেষে ৫ উইকেটে তাদের সংগ্রহ ২০৬ রান।
অধিনায়ক নাজিমউদ্দিন ৪৩ ও সাদিদ হোসেন ৫ রানে ব্যাট করছেন।
এছাড়া নাফিস ইকবাল ৭০ ও আফতাব আহমেদ ৪০ রান করেন।
ঢাকা মেট্রোর পক্ষে সানি ৪ উইকেট নেন ৫১ রানে।
এর আগে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে মঙ্গলবার দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো। শেষ ৫ উইকেটে আরো ৭৭ রান যোগ হওয়ায় প্রথম ইনিংসে ৩৯৩ রান করে দলটি।
চট্টগ্রামের পক্ষে ইয়াসিন আরাফাত ৪ উইকেট নেন ৯১ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১১১ ঘ.
bdnews24