ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ২ উইকেটের নাটকীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তাই দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সোমবার পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো ১৬৮ রান। হাতে ছিলো ৭ উইকেট। বৃষ্টির কারণে খেলা শুরু হয় মধ্যাহ্ন-বিরতির পর।
ব্যাট করতে নেমে আগের দিনের সংগ্রহের সঙ্গে আর মাত্র ২ রান যোগ হতেই সাঝঘরের পথ ধরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক (২)। স্কোর তখন ১৪৫/৪।
অন্য অপরাজিত ব্যাটসম্যান পন্টিংও বেশিক্ষণ টিকতে পারেননি। আর ৮ রান করে তিনিও অনুসরণ করেন ক্লার্ককে। ৬টি চারের সাহায্যে ১৩৮ বলে ৬২ রান করেন পন্টিং।
এরপর মাইকেল হাসি ও ব্র্যাড হ্যাডিন মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ষষ্ঠ উইকেটে এই দুজন ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ।
ভারনন ফিল্যান্ডারের তৃতীয় শিকারে পরিণত হওয়া হাসি করেন ৩৯ রান।
এরপর হ্যাডিনের সঙ্গে জুটি বাঁধেন মিচেল জনসন। দুজনের দৃঢ়তায় ধীরে ধীরে জয়ের পথে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এক সময় মনে হচ্ছিলো দুজন দলকে জিতিয়েই মাঠ থেকে ফিরবেন। কিন্তু ৫৫ রান করা হ্যাডিনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে আবার স্বপ্ন দেখান ফিল্যান্ডার।
হ্যাডিন-জনসনের জুটি ৭২টি মূল্যবান রান উপহার দেয় অস্ট্রেলিয়াকে।
হ্যাডিনের বিদায়ের সময় হাতে ৩ উইকেট নিয়ে জয় থেকে ২৩ রান দূরে ছিলো অতিথিরা।
এরপর পিটার সিডলকে (৪) আউট করে খেলা আরো জমিয়ে দেন ইমরান তাহির।
কিন্তু দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেয়া অভিষিক্ত প্যাট কামিন্স ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দলের জয় নিশ্চিত করেন। অপরাজিত ১৩ রানের ছোট্ট কিন্তু মূল্যবান একটি ইনিংস খেলা কামিন্সের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
অস্ট্রেলিয়াকে লক্ষ্যে পৌঁছে দিতে জনসনের অপরাজিত ৪০ রানের অবদানও অনস্বীকার্য।
ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন আরেক নবাগত দক্ষিণ আফ্রিকার ফিল্যান্ডার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৯ঘ.
bdnews24