ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দুই ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে ভারত। মঙ্গলবার থেকে মুম্বাইয়ে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে তাই ফলাফলের চেয়ে ক্রিকেটপ্রেমীদের অনেক বেশি আগ্রহ শচীন টেন্ডুলকারের শততম শতককে ঘিরে।
এ বছরের ১২ মার্চ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিরানব্বইতম শতকের পর আর কোনো টেস্ট বা ওয়ানডেতে তিন অংকের ঘরে যেতে পারেননি টেন্ডুলকার।
ক্রিকেট-ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের সামনে এখন ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবিস্মরণীয় অর্জনটা স্পর্শের কঠিন পরীক্ষা।
দিল্লিতে প্রথম টেস্ট ৫ উইকেটে জেতে ভারত। কলকাতায় দ্বিতীয় টেস্ট জেতে আরো বড় ব্যবধানে, ইনিংস ও ১৫ রানে।
আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। চোটের কারণে দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার জহির খান দলে নেই। স্পিনার হরভজন সিং সুযোগ পাননি ইংল্যান্ড সফরে অনুজ্জ্বল উপস্থিতির কারণে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুই অভিজ্ঞর অনুপস্থিতি ভারতকে বুঝতেই দিচ্ছেন না তরুণ বোলাররা।
দিল্লিতে অভিষিক্ত স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝা ধীর গতির উইকেটে নিয়মিতই বিপদে ফেলছেন প্রতিপক্ষের ব্যটসম্যানদের।
দিল্লিতেই অভিষিক্ত পেসার উমেশ যাদবও কলকাতা টেস্টে ৭ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন।
বোলারদের ওপরে দারুণ সন্তুষ্ট ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, “আমাদের পুরো বোলিং বিভাগই দারুণ ভারসাম্যপূর্ণ।”
ভারত সব সময়ই ব্যাটসম্যানদের দল। এই সিরিজেও তার ব্যতিক্রম হচ্ছে না। রান পাচ্ছেন প্রায় সব ব্যাটসম্যানই।
মুম্বাই টেস্টে ভারতীয় দলে একটি পরিবর্তন দেখা যেতে পারে। বাদ পড়তে পারেন যুবরাজ সিং। তার জায়গায় খেলতে পারেন রোহিত শর্মা। প্রথম দুই টেস্টে তিন ইনিংস মিলিয়ে মাত্র ৬৬ রান করেছেন যুবরাজ।
সিরিজের শেষ টেস্টে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করেন ধোনি। তার যুক্তি, কলকাতা টেস্টে ফলো অনে পড়ার পরও দ্বিতীয় ইনিংসে ৪৬৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
ধোনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। (কলকাতা টেস্টে) তাদের দ্বিতীয় ইনিংসই জানিয়ে দিচ্ছে ওদের দলে প্রতিভাবান ব্যাটসম্যানের অভাব নেই। মুম্বাইয়ে কঠিন লড়াই হবে বলেই আমাদের ধারণা।”
তবে লড়াইয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ঔজ্জ্বল্য ছড়াতে হবে। এই সিরিজে তারা অনেকটাই নি®প্রভ । শুধু দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ২০৯ রানে অলআউট করতে পেরেছিলো তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৩ঘ.
bdnews24