ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য শুকতারা রহমান ও খাদিজা তুল কোবরা।
সোমবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শেষে শুকতারা বলেন, “আমরা নিজেদের শত ভাগ ঢেলে দিয়ে জয়ের চেষ্টা করবো। সবাই শতভাগ উজাড় করে খেলতে পারলে যে কোনো দলকেই হারানো সম্ভব।”
“এই ম্যাচে অনেকেই হয়তো শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবে। কিন্তু আমরা তা মনে করি না। ওদের ব্যাটিং খুবই শক্তিশালী। আর আমাদের ফিল্ডিং-বোলিং শক্তিশালী,” যোগ করেন তিনি।
শুকতারা বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অভিজ্ঞতা বেশ কম। আর অভিজ্ঞতা কম থাকলে এই পর্যায়ের ক্রিকেটে ভালো ব্যাটিং করা খুবই কঠিন। অভিজ্ঞতার অভাবই আমাদের ব্যাটিংয়ের প্রধান সমস্যা।”
তিনি বলেন, “বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে আমরা বাছাই পর্বে অংশ নিচ্ছি। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটার গুরুত্ব বোঝানোর ভাষা আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি মঙ্গলবার আমাদের জীবন বাজি রেখে খেলতে হবে।”
১২টি উইকেট নিয়ে প্রতিযোগিতায় এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল বোলার খাদিজা। তিনিও নিজেদের উজাড় করে দেয়ার প্রতিশ্র“তি দিলেন।
খাদিজা বলেন, “আমি নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করবো। অবশ্যই ভালো খেলতে চাই। আমাদের প্রস্তুতিও ভালো”
“মিরপুরের উইকেট স্পিন-সহায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে উইকেট নিতে হলে নিজের সেরা বলটাই করতে হবে। আশা করি মঙ্গলবার তা করতে পারবো,” যোগ করেন তিনি।
খাদিজা বলেন, “দুই ম্যাচ জিতে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। আমার দৃঢ় বিশ্বাস আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারবো।”
“আমার বোলিং নিয়ে আলাদা ভাবে কাজ করেছি। যাতে বিশেষ কিছু করতে পারি। যেমনটা করেছিলাম আয়ারল্যান্ডের বিপক্ষে। আসলে দেশের জন্য কিছু করতে পারা দারুণ আনন্দদায়ক,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৯ঘ.
bdnews24