ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম পর্বের প্রথম দিনটিতে ছিলো বোলারদের রাজত্ব। বরিশাল-ঢাকা ম্যাচে ১৫, খুলনা-রংপুর ম্যাচে ১৬ ও সিলেট-রাজশাহী ম্যাচে ১৭টি উইকেট পড়েছে।
তবে এরই মধ্যে শতক করেছেন ঢাকা মেট্রোর তাসামুল হক।
ঢাকা মেট্রো-চট্টগ্রাম
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তাসামুলের অপরাজিত শতকের সুবাদে দিন শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ৫ উইকেটে ৩১৬ রান।
১২০ রানে অপরাজিত তাসামুলের ১৬৬ বলের ইনিংসে ১৬টি চার ও একটি ছক্কা। শরিফউল্লাহর (অপরাজিত ১৮) সঙ্গে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তিনি।
১০৪ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যাওয়া ঢাকা মেট্রো লড়াইয়ে ফেরে তাসামুল ও অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়রের ১২৬ রানের জুটির ওপর ভর করে। ইয়াসিন আরাফাতকে ফিরতি ক্যাচ দেয়ার আগে ৮৭ রান করেন মেহরাব।
চট্টগ্রামের পক্ষে ইয়াসিন ও ইকবাল হোসেন দুটি করে উইকেট নেন।
রংপুর-খুলনা
যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৩৯ রানে অলআউট হয় খুলনা। জবাব দিতে নেমে রংপুরও মহাবিপদে । দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৮২ রান।
খুলনার পক্ষে অধিনায়ক তুষার ইমরান সর্বোচ্চ ৫১ রান করেন। এছাড়া নাজমুস সাদাত ২০ ও সৌম্য সরকার ১৬ রান করেন। রংপুরের পক্ষে এআর রহমান রনি ৫ উইকেট নেন ২৫ রানে।
তবে মুরাদ খানের মারাত্মক বোলিংয়ে রংপুরের আনন্দ উধাও হতেও সময় লাগেনি। মুরাদ ৪ উইকেট নেন ১২ রানে।
সিলেট-রাজশাহী
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১০০ রানে ইনিংস ঘোষণা করে সিলেট। জবাবে দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৮ উইকেটে ১৪৯ রান।
সানজামুল ইসলাম ১২ ও মুক্তার আলী ৪ রান নিয়ে ব্যাট করছেন। সাব্বির রহমান ২৯ রান করেন।
সিলেটের পক্ষে এনামুল হক জুনিয়র ৪ উইকেট নেন ৩৮ রানে।
এর আগে সিলেটের ব্যাটিংয়ে ধস নামান দেলোয়ার হোসেন ও মুক্তার আলী। দেলোয়ার ৪ উইকেট নেন ৩১ রানে। মুক্তার ৩৩ রানে নেন ৩ উইকেট।
সিলেটের পক্ষে ইমতিয়াজ হোসেন ২১ ও নাদিফ চৌধুরী ১৬ রান করেন।
ঢাকা-বরিশাল
বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। ব্যাট করতে নেমে ১৮৩ রানে অলআউট হয় বরিশাল।
জবাব দিতে নেমে ঢাকাও স্বস্তিতে নেই। ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা।
বরিশালের পক্ষে সৈয়দ রাসেল ও ইসরাক সনেট দুটি করে উইকেট নেন।
এর আগে ঢাকার অধিনায়ক শরীফ হোসেন ও মোশারফ হোসেনের মারাত্মক বোলিংয়ে চা-বিরতির আগেই শেষ হয়ে যায় বরিশালের প্রথম ইনিংস। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে মনির হোসেনের ব্যাট থেকে। এছাড়া জুপিটার ঘোষ ৩৮ রান করেন।
শরীফ ৫৩ রানে ৪ উইকেট নেন। মোশারফ ৩ উইকেট নেন ৪৭ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৪ঘ.
bdnews24