২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস আক্রান্তদের পাশে মহিলা ক্রিকেটাররা

এইডস আক্রান্তদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেয়া ক্রিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এইডস আক্রান্তদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেয়া ক্রিকেটাররা। সোমবার বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন, পাকিস্তানের অধিনায়ক সানা মীর, শ্রীলঙ্কার অধিনায়ক ডিলানি মানোডোরা, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মিগনন দু প্রিজ ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক মেরিসা এগুইলেরিয়া মোহম্মদপুরে অবস্থিত পিএলএইচআইভি নেটওয়ার্ক আশার আলো সোসাইটির প্রধান কার্যালয়ে পরিদর্শন করেন। এ সময় এইডস আক্রান্তদের পাশে দাঁড়াতে বিশ্বের সব মানুয়ের প্রতি আহ্বান জানান তারা। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের দলনায়ক মেরিসা বলেন, “আমাদের সকলের সতর্ক থাকা উচিৎ। তবে কোনো কারণে কেউ এইডস আক্রান্ত হয়ে গেলে তো কিছু করার নেই। সেটা নিয়েই তাকে বেঁচে থাকতে হবে। সাহস হারানোর কিছু নেই, এরপরও জীবন চলে জীবনের নিয়মে।” পাকিস্তানের সানা বলেন, “এইডস আক্রান্ত মানেই মৃত্যু নয়। সুচিকিৎসা ও সঠিক নিয়মে চললে এনিয়েও বাঁচা সম্ভব।” আফ্রিকায় এইডসের ঝুঁকি সবচেয়ে বেশি। ওই মহাদেশের প্রতিনিধি প্রিজ বলেন, “আফ্রিকার সবচেয়ে বড় সমস্যা এইডস। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। আশা করছি একদিন এর থেকে উত্তরণ সম্ভব হবে।” শ্রীলঙ্কার অধিনায়ক ডিলানি মেয়েদের আরো সতর্ক ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার কোনো বিকল্প নেই। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে তাদের জন্য সহায়ক হতে পারে খেলাধুলা।” পাঁচ অধিনায়কই মেয়েদের আরো বেশি করে খেলাধুলার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯০৯ ঘ.