ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ভবনের পেছনের খালি জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) স্টাফ কোয়ার্টার নির্মাণের প্রতিবাদ জানিয়েছে ঢাকার মহানগরীর বেশ কয়েকটি ক্রিকেট ক্লাব ।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবগুলো জানায়, "জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক স্টেডিয়ামের মিডিয়া ভবনের পেছন দিকে স্টাফ কোয়ার্টার নির্মাণের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। এই সিদ্ধান্ত ভীষণই নিন্দনীয়।"
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, "জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান কাজ সারা দেশে ছড়িয়ে থাকা ক্রীড়া অবকাঠামোর সংস্কার, সংরক্ষণ ও উন্নয়ন সাধন। শের-ই-বাংলা স্টেডিয়ামের কমপ্লে¬ক্সের ভেতরে উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়া বহুতল স্টাফ কোয়ার্টার নির্মাণ কোনো ক্রিকেট অনুরাগী, সংগঠক বা খেলোয়াড়দের কাম্য নয়।"
ক্লাবগুলো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামালকে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৯ঘ.
bdnews24