ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলিং নিয়ে কোনো অভিযোগ নেই। ব্যাটিংয়ে চান আরো উন্নতি করতে। আর ফিল্ডিং নিয়ে ভীষণ ক্ষুব্ধ। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮০ রানে হেরে যাওয়ার পর বাংলাদেশের কোচ মমতা মাবেনের প্রতিক্রিয়ায় ধরা পড়লো সন্তুষ্টি, ক্ষোভ এবং আরো ভালো করতে চাওয়ার উদগ্র বাসনা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের ব্যাটিং নিয়ে আরো অনেক পরিশ্রম করতে হবে। খেলোয়াড়রা এখন শুধু খারাপ বলেই রান করতে পারেন। তবে ক্রিকেট-দুনিয়ার শক্তিশালী দলগুলোকে হারাতে হলে ভালো লাইন-লেন্থের বলেও রান করা শিখতে হবে।"
বড় ব্যবধানে হেরে গেলেও খেলোয়াড়দের প্রচেষ্টায় মমতা সন্তুষ্ট। তিনি বলেন, "ওয়েস্ট ইন্ডিজ এই প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলেছি।"
"এই ম্যাচে মেয়েরা সত্যিকারের আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেয়েছে," যোগ করেন তিনি।
তবে দলের ফিল্ডিং নিয়ে বাংলাদেশের কোচ ক্ষোভ চেপে রাখতে পারেননি। তিনি বলেন, "কয়েকটা ক্যাচ না পড়লে আমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজকে ১৮০-১৯০ রানে বেঁধে ফেলতে পারতাম। তা হলে লক্ষ্যটা অনেক সহজ হতো আমাদের জন্য।"
এরপর প্লে-¬অফ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কানদের সঙ্গে বাংলাদেশের মেয়েরা টানা পাঁচ ম্যাচ হেরে গেলেও মমতার ধারণা, এবার অন্য রকম কিছু হবে।
তিনি বলেন, "আমরা শ্রীলঙ্কার বিপক্ষে টানা পাঁচ ম্যাচ হেরে গেলেও লড়াই করেই হেরেছি। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যেতে হলে আমাদের শ্রীলঙ্কার সঙ্গে জিততেই হবে। এক কথায় এটা আমাদের বাঁচা-মরার লড়াই।"
একটানা খেলে গেলেও দলের কোনো খেলোয়াড় ক্লান্ত নয় বলে দাবী করেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। তিনি বলেন, "একদিন পর পর খেলা হলেও দলের সব খেলোয়াড়ই চাঙ্গা আছেন।"
ওয়েস্ট ইন্ডিজকে ১৫০-১৬০ রানের মধ্যে বেধে ফেলতে চেয়েছিলেন বলে জানান সালমা। তিনি বলেন, "আমাদের জন্য লক্ষ্যটা একটু বড় হয়ে গিয়েছিলো। তবে শুরু থেকেই আমরা জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করেছি।"
প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজের প্রাথমিক লক্ষ্য ছিলো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উত্তরণ নিশ্চিত করা। চার ম্যাচের সবগুলো জিতে গ্র"প সেরা হওয়ার সুবাদে সেই লক্ষ্য পূরণ হয়েছে। পরবর্তী লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক মেরিসা অ্যাগুইলেইরা বলেন, "প্রথমে আমরা সেমিফাইনালে জিততে চাই।"
রোববার সহজে জিতলেও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে এগিয়ে রাখছেন মেরিসা। তিনি বলেন, "এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত যতগুলো দলের মুখোমুখি হয়েছি তাদের মধ্যে বাংলাদেশের বোলিং আক্রমণই সবচেয়ে শক্তিশালী। তাদের ব্যাটিংও বেশ ভালো। বাংলাদেশের আরো উন্নতি করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩৮ঘ.
bdnews24