চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। গত এপ্রিলের পর এই প্রথম মাঠে অনুশীলন করলেন মাশরাফি বিন মুর্তজা।
চট্টগ্রামে শনিবার প্রথম দিনের অনুশীলন করে বাংলাদেশ। এর আগে গত শুক্রবার এক সপ্তাহের জন্য চট্টগ্রাম আসে মুশফিক বাহিনী।
সকালে জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের টেনিস মাঠে কিছুক্ষণ হাল্কা অনুশীলন করেন ক্যাম্পে থাকা ১৫ ক্রিকেটার। এর পর কিছুক্ষণ ফুটবল খেলে গা গরম করে নেন তারা। তারপর নেটে অল্প সময় ধরে চলে ব্যাটিং-বোলিং অনুশীলন।
অনুশীলনের ফাঁকে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি সাংবাদিকদের বলেন, "পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজ চ্যালেঞ্জিং হবে। তারা স্পিন ভাল খেলবে এটা সত্য। কিন্তু আমাদের বিশ্বমানের স্পিনার রয়েছে।"
"পাশাপাশি দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম ভাল বল করছে। পাকিস্তানের বিপক্ষে ভাল করার ব্যাপারে আমি আশাবাদী," যোগ করেন তিনি।
নিজের 'ফিটনেস' নিয়ে মাশরাফি বলেন, "এখানে এসেছি 'ফিটনেস'টা বাড়াতে। আশাকরি তা পারব। জাতীয় দলের সাথে অনুশীলন করা সবসময় আনন্দদায়ক।" "এখনও পাঁচদিন বাকি আশাকরি সব ঠিকঠাক থাকলে তা আরো উপভোগ্য হবে," যোগ করেন তিনি।
মাশরাফি বলেন, "বোলিং শুরু করলে ম্যাচে ফিরতে আর বেশি সময় লাগার কথা নয়। হয়তো আর একবার অস্ট্রেলিয়া গিয়ে দেখিয়ে আসতে হবে শতভাগ ফিট কিনা।"
বোলিং শুরু করতে আরো পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান মাশরাফি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএনএম/২০৫৬ ঘ.
bdnews24