ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। রোববার শারজায় চতুর্থ ম্যাচে খেলবে দল দুটি।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাতের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২৫৭ রান করে পাকিস্তান। জবাবে অধিনায়ক তিলকারতেœ দিলশানের অর্ধশতকের পরও ৪৮ ওভার ৫ বলে ২৩৬ রানে থামে শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানেই উপুল থারাঙ্গাকে (৪) হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে দিলশান ও কুমার সাঙ্গাকারা ১০৬ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান।
শহিদ আফ্রিদির দারুণ এক থ্রোয়ে সাঙ্গাকারা (৪৫) রান আউট হলে খেলায় ফিরে পাকিস্তান। দলীয় ১৩৩ রানে আফ্রিদির বলে দিলশান (৬৪) বোল্ড হয়ে সাঙ্গাকারাকে অনুসরণ করেন। তিনি তার ৭৮ বলের ইনিংসটি সাজান ৮টি চার দিয়ে।
শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি দিনেশ চান্দিমাল (৩১), মাহেলা জয়াবর্ধনে (১৭) ও জীবন মেন্ডিস (১৯)। অ্যাঞ্জেলো ম্যাথিউস অপরাজিত থাকেন ৩২ রানে। অন্য প্রান্ত থেকে তিনি তেমন সহায়তা না পাওয়ায় ৭ বল আগেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
পাকিস্তানের পক্ষে সাঈদ আজমল ও ওমর গুল ৩টি করে উইকেট নেন। এ জন্য আজমল দেন ৪২ রান। গুল ৪৮।
এর আগে উদ্বোধনী জুটিতে ১৫১ রান যোগ করে পাকিস্তানকে শক্ত ভিত গড়ে দেন হাফিজ ও ফারহাত। সেকুগগে প্রসন্নর বলে বোল্ড হওয়ার আগে ১০১ বলে ৯টি চার ও একটি বিশাল ছক্কার সাহায্যে ৮৩ রান করেন হাফিজ।
দলীয় ১৬১ রানে তাকে অনুসরণ করেন ফারহাত (৭০)। তিলকারতেœ দিলশানের বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ক্যাচ দেন তিনি। তার ৮২ বলের ইনিংসে ৬টি চার ও একটি ছয় রয়েছে।
এর পর ইউনুস খান ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান সেভাবে নিজেদের ইনিংস বড় করতে পারেন নি। পরের দিকের ব্যাটসম্যানরা ওই ভিত কাজে লাগাতে ব্যর্থ হন।
অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ইউনুস করেন ৪২ রান। শহিদ আফ্রিদি করেন ১৫ রান। সোহাইল তানভীর অপরাজিত থাকেন ১০ রানে। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন প্রসন্ন ও লাসিথ মালিঙ্গা। এ জন্য প্রসন্ন দেন ৩৯ রান। মালিঙ্গা ৫৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১২৭ ঘ.
bdnews24