ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯৬ সালের বিশ্বকাপ সেমিফাইনাল খেলাটি পাতানো হয়েছিল বলে বিনোদ কাম্বলির অভিযোগকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।
বর্তমানে কংগ্রেস দলীয় সংসদ সদস্য আজহার শুক্রবার বলেন, রান তাড়া করার সিদ্ধান্তটা ছিল সকলের। তাই হারার দায় দলের সবাইকে নিতে হবে।
"দলের সভায় টস জিতলে বল করা হবে সিদ্ধান্ত নেয়া হয়। ফিরোজ শাহ কোটলায় শ্রীলঙ্কার বিপক্ষে (গ্র"প পর্ব) শেষ খেলায় ২৭১ রান করার পরও আমরা হেরে যাই। তাই ইডেন গার্ডেন্সে অন্য রকম কিছু একটা করার সিদ্ধান্ত নেই। আমার মনে হয় কাম্বলি বাজে কথা বলেছেন এবং এর মধ্য দিয়ে তিনি নিজেকেই তুলে ধরেছেন," বলেন তিনি।
এরপর আজহার উল্টো কাম্বলির বিরুদ্ধে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন।
ম্যাচ-পাতানোর দায়ে ২০০০ সালে আজহারউদ্দিনকে আজীবন নিষিদ্ধ করা হয়।
কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) তদন্তের সময় এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না? এই প্রশ্নের জবাবে আজহার বলেন, "আমার মামলা এখনো হাইকোর্টে মুলতবি রয়েছে। তাই এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। যখন অভিযোগমুক্ত হবো, তখন সকলে সত্যটা জানতে পারবেন।"
টস জেতার পরও বল করার সিদ্ধান্ত নেয়ার জন্য আজহারউদ্দিনের মধ্যে কোনো আক্ষেপ নেই বলে জানান।
তিনি বলেন, খেলায় হারার জন্য কাম্বলিকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে তার (কাম্বলি) দাবিও ঠিক নয়। বরং তার 'ফর্ম'র কারণে তিনি বাদ পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪২ ঘ.
bdnews24