ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় বৃহস্পতিবার বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে প্রতিযোগিতায় প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল পাকিস্তান। আর গত ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়া আয়ারল্যান্ড এদিন ২৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জাপানকে। গত ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া নেদারল্যান্ডসও ২২৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের টান দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে টস জিতে নাইন আবিদির অর্ধশতকের পরও ৪৯ ওভার ২ বলে ১৪০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে স্টেফানি টেলর ও ডিয়াড্রা ডটিনের অর্ধশতকের সুবাদে ৩৪ ওভার ৫ বলে মাত্র ২ উইকেটে হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
তিন খেলায় এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় জয়।
লক্ষ্য তাড়া করতে নমে ১৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে স্টেফানি ও ডটিনের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি দলের সঙ্গে ১২৩ রান যোগ করলে সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। স্টেফানি ৬৬ ও ডটিন ৬০ রানে অপরাজিত থাকেন। স্টেফানির ৯৮ বলের ইনিংসে ১২টি চার ও ডটিনের ৯৭ বলের ইনিংসে ৮টি চার ও একটি বিশাল ছক্কা রয়েছে।
এর আগে ব্যাট করতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। চতুর্থ উইকেটে অধিনায়ক সানা মীর ও আবিদি ৮৯ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলীয় ১২২ রানে আবিদি (৫৩) বিদায় নিলে খেলায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। ২ রান যোগ করে বিদায় নেন সানাও (৪৯)।
মাত্র ১৬ রানে শেষ ৫ উইকেট হারায় পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আনিসা মোহাম্মদ ৫ উইকেট নেন ২৬ রানে।
জাপান-আয়ারল্যান্ড
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জাপান। ব্যাট করতে নেমে সিসিলিয়া জয়েস ও এয়মার রিচার্ডসনের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ৩১১ রান করে আয়ারল্যান্ড। জবাবে ২৩ ওভার ২ বলে মাত্র ৫৬ রানে অলআউট হয় জাপান।
জাপানের পক্ষে শিজুকা মিয়াজি (১৩) একমাত্র দুই অঙ্কের ঘরে পৌঁছান।
আয়ারল্যান্ডের পক্ষে রিচার্ডসন ৫ উইকেট নেন ৪ রানে।
যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস
ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উইকেটরক্ষক মিরান্ডা ভেরিঙ্গমায়ার, ক্যারি-অ্যান টমলিনসন ও এসথার লেনসারের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ৩২৯ রান করে নেদাল্যান্ডস। জবাবে ৪৯ ওভার ৫ বলে ১০৪ রানেই শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস।
যুক্তরাষ্ট্র ইনিংসের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত (২৯) থেকে। এছাড়া শিবানী ভাস্কর ১৯ ও এরিকা লেন্ডলার ১৫ রান করেন।
নেদারল্যান্ডসের পক্ষে তিন জন বোলার ৩টি করে উইকেট নেন।
এর আগে ভেরিঙ্গমায়ার ও অধিনায়ক হেলমেইন রামবাল্ডো দ্বিতীয় উইকেটে ১১৮ রান যোগ করে নেদারল্যান্ডসকে শক্ত ভিত গড়ে দেন। দলীয় ১৬৬ রানে বিদায় নেন রামবাল্ডো (৪১)। মাত্র এক রানের জন্য শতক বঞ্চিত হন ভেরিঙ্গমায়ার (৯৯)। দলের রান তখন ১৯০। তার ১১৫ বলের ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা রয়েছে।
চতুর্থ উইকেটে টমলিনসন ও লেনসার ১১০ রান যোগ করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। নিজের অর্ধশতকে পৌঁছেই বিদায় নেন লেনসার (৫১)। শেষ ওভারের তৃতীয় বলে আউট হয়ে যান টমলিনসনও (৮০)।
যুক্তরাষ্ট্রের পক্ষে সামান্থা রামাউটার ও ক্লাউডিন বেকফোর্ড ২টি করে উইকেট নেন।
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৪১ ওভার ৪ বলে মাত্র ৬২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ১৮ রান আসে ননহলানহলা নিয়াথির ব্যাট থেকে।
শ্রীলঙ্কার পক্ষে চামানি সেনেবিরতœা ৫ উইকেট নেন ১৫ রানে।
জবাবে যশোদা মেন্ডিসের অপরাজিত ৩৫ রানের সুবাদে ১০ ওভার ৫ বলে ৩ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৫৪ ঘ.
bdnews24