ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ পর্বে দু দিনের মধ্যেই জয় পেয়েছে সিলেট। মঙ্গলবার ঘরের মাঠে ঢাকা মেট্রোকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
সিলেটের জয়ের প্রধান নায়ক দু বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক জুনিয়র। দুই ইনিংস মিলিয়ে ৭৭ রানে ১০ উইকেট নিয়ে তিনি প্রায় একাই ধসিয়ে দেন ঢাকা মেট্রোর শক্তিশালী ব্যাটিং লাইনআপ।
ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ঢাকার মোশাররফ হোসেনও। চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন তিনি।
এছাড়া বরিশালের বিপক্ষে শতক পেয়েছেন রংপুরের নাঈম ইসলাম।
সিলেট-ঢাকা মেট্রো
৩ উইকেটে ১৪৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সিলেট। নাদিফ চৌধুরীর ৬৫, অধিনায়ক অলক কাপালীর ৪০ ও ইজাজ আহমেদের ৩১ রানের সুবাদে প্রথম ইনিংসে ২৩১ রান করে তারা। সুবাদে লিড পায় ১১৩ রানের।
ঢাকা মেট্রোর পক্ষে ইলিয়ান সানি ও তারেক আজিজ ৩টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩২ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো। সর্বোচ্চ ৪২ রান করেন আরাফাত সালাউদ্দিন।
এনামুল ৪০ রানে নেন ৫ উইকেট। প্রথম ইনিংসেও ৩৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
মাত্র ২০ রানের জয়ের লক্ষ্য হলেও এই রান করতেই ২ উইকেট হারাতে হয়েছে সিলেটকে।
রংপুর-বরিশাল
বগুড়ায় বড় সংগ্রহ গড়েছে রংপুর। ৪ উইকেটে ১৬৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা রংপুর ৭ উইকেটে ৪০৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দিন শেষে বরিশালের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান।
পঞ্চম উইকেটে নাঈম ইসলাম ও ধীমান ঘোষের ১৩৫ রানের জুটি রংপুরের বড় সংগ্রহের অন্যতম ভিত্তি। রান আউট হওয়ার আগে ধীমান করেন ৭২ রান।
এরপর ষষ্ঠ উইকেটে মাহমুদুল হাসানের (৭৬) সঙ্গে ১১৮ রানের আরেকটি মূল্যবান জুটি গড়েন নাঈম। মহিউদ্দিন বেলালের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে নাঈম করেন ১৩৬ রান। ৩৮৮ বলের ইনিংসটিতে ১২টি চার।
বেলাল ৩ উইকেট নেন ১৩৫ রানে।
চট্টগ্রাম-ঢাকা
নাটকীয়ভাবে ১ রানের লিড নেয়া চট্টগ্রাম সব মিলিয়ে প্রতিপক্ষের চেয়ে ২১৪ রানে এগিয়ে।
ফয়সাল হোসেনের ৭৩ রানের সুবাদে দ্বিতীয় দিনশেষে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৯ উইকেটে ২১৩ রান।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া মোশাররফ হোসেনের দ্বিতীয় ইনিংসে শিকার ৬ উইকেট, ৬৪ রানের বিনিময়ে।
এর আগে ৩ উইকেটে ১১০ রান নিয়ে খেলা শুরু করা ঢাকা আমির খানের মারাত্মক বোলিংয়ে ১৭৫ রানে অলআউট হয়ে যায়। ৬০ রানে ৬ উইকেট নেন আমির।
ঢাকার পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে রনি তালুকদারের ব্যাট থেকে।
রাজশাহী-খুলনা
যশোরে সব মিলিয়ে ১৪৬ রানে এগিয়ে আছে খুলনা। প্রথম ইনিংসে ৭১ রানের লিড পেয়েছিলো তারা। দিন শেষে খুলনার সংগ্রহ ২ উইকেট ৭৫ রান।
২ উইকেটে ২১ রান নিয়ে খেলা শুরু করা রাজশাহী অলআউট হওয়ার আগে ২০৭ রান করে। মিজানুর রহমান ৫৮ রান করেন। এছাড়া যুবায়ের আহমেদ ৫৫ রানে অপরাজিত থাকেন। ১২২ রানে অষ্টম উইকেটের পতনের পর দেলোয়ার হোসেনের সঙ্গে (৩৭) ৭১ রানের দারুণ এক জুটি গড়েন যুবায়ের।
ডলার ৪ উইকেট নেন ৪০ রানে। ৬৬ রানের বিনিময়ে রাজ্জাকের শিকার ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫১ঘ.
bdnews24