ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় সহজ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নেদাল্যান্ডস। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘাম ঝরিয়েই জিততে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
জুলিয়েন নেরো ও স্টেফানি টেইলরের জোড়া শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ২১৩ রানে আয়াল্যান্ডকে, দক্ষিণ আফ্রিকা ৬ রানে শ্রীলঙ্কাকে ও নেদারল্যান্ডস ৬ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। দুই দলেরই ওয়ানডে মর্যাদা থাকায় 'বি' গ্র"পের এই ম্যাচটি আন্তর্জাতিক ওয়ানডে।
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের শতকের সুবাদে ৪ উইকেটে ২৭৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাট করতে নেমে জুলিয়েন নেরো ও স্টেফানি টেইল উদ্বোধনী জুটিতে ২০৪ রান যোগ করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান।
শতরানে পৌঁছেই নেরো (১০০) রান আউট হয়ে সাজঘরে ফিরে যান। তার ১০০ বলের ইনিংসে ১৩টি চার ও ৩টি ছয় ছিলো।
দ্বিতীয় উইকেটে স্টেফানি ও শ্যানেল দালি ৪৬ রান যোগ করেন। নিজের শতকে পৌঁছে সাজঘরের পথ ধরেন স্টেফানিও (১০৭)। তার ১৫৪ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছয় রয়েছে।
দালি শেষ পর্যন্ত ২৫ রানে অপরাজিত থাকেন।
আয়ারল্যান্ডের পক্ষে অধিনায়ক ইসোবেল জয়েস ও লুসি ম্যাককার্থি একটি করে উইকেট নেন।
জবাবে ৩০ ওভার ১ বলে ৬৩ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ২৪ রান আসে কিম গ্যারেথের ব্যাট থেকে। এছাড়া সিসিলিয়া জয়েস ১৩ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। রানের খাতাই খুলতে পারেননি পাঁচ জন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে পার্ল এটিনি ৩ উইকেট নেন ১৬ রানে।
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুই দলেরই ওয়ানডে মর্যাদা থাকায় 'এ' গ্র"পের এই ম্যাচটি আন্তর্জাতিক ওয়ানডে।
ব্যাট করতে নেমে সান্দ্রা ফ্রিটজের অর্ধশতকের পরও ৩৭ ওভারে অলআউট হওয়ার আগে ১১৪ রান করে দক্ষিণ আফ্রিকা। তবে সুনেট্টি লুবসারের মারাত্মক বোলিংয়ে ৪৮ ওভার ২ বলে ১০৮ রানে শ্রীলঙ্কাকে অলআউট করে দিয়ে দারুণ এক জয় তুলে নেয় তারা।
লুসেট্টি ৫ উইকেট নেন ২৭ রানে।
শ্রীলঙ্কার পক্ষে সান্দামালি দোলাওয়াত্তে অপরাজিত থাকেন ২৮ রানে। এছাড়া যশোদা মেন্ডিস ২০ রান করেন।
এর আগে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ফ্রিটজ ছাড়া আর কোনো ব্যাটসম্যান ২০ এর বেশি রান করতে পারেননি।
শেষ পর্যন্ত ফ্রিটজ ৭৫ বলে ৫টি চারের সাহায্যে ৬১ রান করেন। এছাড়া মিগনন দু পেরেজ ১৪ ও মারিজানে কেপ ১২ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে সুইনি ডি আলবিস ও সেরিনা রবিকুমার চারটি করে উইকেট নেন। এ জন্য আলবিস দেন ২১ রান। রবিকুমার ২৩।
জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫০তম ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৪৫ রান করে জিম্বাবুয়ে। জবাবে ২৫ ওভার ২ বলে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ড।
নেদারল্যান্ডসের উইকেটরক্ষক মিরান্ডা ভেরিঙ্গমায়ার ৪৭ ও অধিনায়ক হেলমেইন রামবাল্ডো ৩০ রান করেন। ক্যারি-অ্যান টমলিনসন অপরাজিত থাকেন ৪৬ রানে। তার ৫৫ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছয় রয়েছে।
এর আগে জিম্বাবুয়ের পক্ষে উইকেটরক্ষক ননথলানথলা নায়াথি সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া সিনিকিউই এমপোফু ২১ ও শ্যারন মায়ার্স ১২ রান করেন।
নেদারল্যান্ডসের পক্ষে এসথার লেন্সার ২ উইকেট নেন ১৭ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮০৪ ঘ.
bdnews24