ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক) - মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।
অধিনায়ক অসুস্থ থাকায় রোববারের সংবাদ সম্মেলনে আসেন ওয়েস্ট ইন্ডিজের সহঅধিনায়ক স্টেফানি টেলর। তিনি বলেন, "বাংলাদেশের পিচে খেলতে আমরা প্রস্তুত। এখানের কন্ডিশন ভারতের মতো। সেখানে আমরা ভালো খেলেছি, আশা করছি এখানেও কোনো সমস্যা হবে না।"
মহিলা র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় হওয়ায় চাপ নিয়ে খেলতে হবে কী না জানতে চাইলে তিনি বলেন, "আলাদা কোনো চাপ থাকবে না। দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন।"
শ্রীলঙ্কার অধিনায়ক দিলানি মানডোরা বলেন "দলে বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছেন যারা ভালো করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের দলটি বেশ কয়েকমাস ধরে ভালো খেলছে। দলে ৩-৪ জন অলরাউন্ডার রয়েছে। সবাই ভালো করছে। বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো খেলেছি। এই কন্ডিশনেই যেহেতু ম্যাচ হয়েছে তাই আমরা আত্মবিশ্বাসী। "
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মিগনুন ডি পেরেজ মনে করেন তাদের আগে বাছাই পর্বে মনোযোগ দিতে হবে। বাছাই পর্ব উতরানোর পর পরবর্তী লক্ষ্য বিশ্বকাপ জয়। তিনি বলেন, "বাউন্সি উইকেট আমাদের ওখানে। তবে আমরা অনুশীলন করেছি। আশা করি ভালো করা সম্ভব।"
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের নাম আরো আলোকিত করতে চান জিম্বাবুয়ে অধিনায়ক শ্যারেন মায়ার্স। তিনি চাইছেন ভালো একটা শুরু।
আয়ারল্যান্ডের অধিনায়কও নিজেদের মেলে ধরে বিশ্ব দরবারে সুপরিচিত হতে চান। তিনি বলেন, "আমরা কঠোর অনুশীলন করেছি। স্পিনের বিপক্ষে খেলার জন্য বোলিং মেশিনে খেলে প্রস্তুতি নিয়ে এসেছি।"
জাপানের অধিনায়ক ইবি কুরিবায়োশি বেশ রোমাঞ্চিত। ২০০৩ সালে বাছাই পর্ব দিয়েই তার খেলা শুরু। সেবার হেরেছিলেন চার ম্যাচের সবকটিতেই। এবার অন্তত একটি ম্যাচে জিততে চান তার। ক্যারিয়ারের প্রথম জয়ই তার এই টুর্নামেন্টে প্রত্যাশা।
যুক্তরাষ্ট্রের ডমিনিকান অধিনায়ক ডরিস ফ্রান্সিস নিজের দেশে ক্রিকেটের প্রসার দেখতে চান।
নেদারল্যান্ডসের মেয়েরা ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন পেশায় যুক্ত। তার পরও ভালো খেলছেন তারা। রয়েছেন ওয়ানডে মর্যাদা। ক্রিকেটকে ভালোবাসেন বলেই তারা ক্রিকেট খেলেন বলে জানান অধিনায়ক হেলমেল র্যামবালদো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১০৭ ঘ.
bdnews24