ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরহাদ রেজার নৈপুণ্যে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ 'এ' দল।
শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ব্যাট করতে নেমে ১৫৫ রানেই থেমে যায় বাংলাদেশ 'এ' দলের প্রথম ইনিংস। জবাবে স্তত্বিতে নেই স্বাগতিকরাও। ৭২ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে তারা। ৩ উইকেট হাতে নিয়ে এখনো ৮৩ রানে পিছিয়ে আছে দলটি।
উদ্বোধনী ব্যাটসম্যান রাজিন্দ্র চন্দ্রিকা ৩০ ও সুনিল নারিন ৭ রানে অপরাজিত রয়েছেন। চন্দ্রিকা ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেন নি।
সফরকারীদের পক্ষে রেজা ও সোহরাওয়ার্দী শুভ ৩টি করে উইকেট নেন। এ জন্য রেজা দেন ১৭ রান। শুভ ২০।
এর আগে ব্যাট হাতে বাংলাদেশ 'এ' দলকে বড় বিপদ থেকে রক্ষা করেন রেজা। নবম উইকেটে সোহাগ গাজীর সঙ্গে যোগ করেন ৬১ রান। ৩০ রান করে সোহাগ নারিনের বলে নেলন প্যাসকেলের হাতে ক্যাচ দেন।
এর আগে ৭৯ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। রেজা শেষ পর্যন্ত ৩৯ রানে অপরাজিত থাকন। এছাড়া শুভাগত হোম চৌধুরী ২৪ ও মুমিনুল হক ১৮ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের পক্ষে আন্দ্রে রাসেল ও প্যাসকেল নেন ৪টি করে উইকেট। এ জন্য রাসেল দেন ৪২ রান। প্যাসকেল ৬০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৩৬ ঘ.
bdnews24