২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমনে আইসিসির পাশেই পিসিবি

স্পট ফিক্সিং' কেলেঙ্কারির ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ (এসিএসইউ) শিগগির নতুন তদন্ত শুরু করতে পারে বলে আভাস দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' কেলেঙ্কারির ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ (এসিএসইউ) শিগগির নতুন তদন্ত শুরু করতে পারে বলে আভাস দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। আশরাফ জানান, আইসিসিকে পাঠানো এক চিঠিতে দুর্নীতি দমনের ব্যাপারে তাদের নেয়া সকল পদক্ষেপ সমর্থন করার ঘোষণা দিয়েছে পিসিবি। এছাড়া ভবিষ্যতে আইসিসির সব তদন্তে যে কোনো ধরনের সমর্থন দেয়ার কথাও জানান তিনি। লন্ডন ক্রাউন কোর্টে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিচার চলার সময় উপস্থাপিত নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে আইসিসি নতুন একটি তদন্ত শুরু করতে পারে বলে সংবাদ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে। আশরাফ এ ব্যাপারে বলেন, "স্পট ফিক্সিং কেলেঙ্কারি পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তবে আমরা সবাইকে জানাতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে নেয়া আইসিসির সকল পদক্ষেপ সমর্থন করে পিসিবি।" অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকেও জোর দিচ্ছেন আশরাফ। পিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর এ মাসেই প্রথম বারের মতো আইসিসির সভায় অংশ নিতে যাচ্ছেন তিনি। এই সভায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন আশরাফ। তিনি বলেন, "আমি বাংলাদেশ, ভারত এবং অন্য দেশের বোর্ড কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। (টেস্ট খেলুড়ে) সব দেশের বোর্ডকে এরই মধ্যে আমি চিঠি দিয়েছি এবং তাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ারও আশা করছি। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ।" আইসিসির সহ-সভাপতি পদে এবার বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৩ঘ.