২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজেই জিতলো দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় দিন ২৩ উইকেটের পতন তীব্র লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলো। কিন্তু কেপটাউনে সিরিজের প্রথম টেস্ট শেষ পর্যন্ত পরিণত হলো একতরফা লড়াইয়ে। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতির আগেই অধিনায়ক গ্রায়েম স্মিথ ও হাশিম আমলার শতকের সুবাদে অস্ট্রেলিয়াকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় দিন ২৩ উইকেটের পতন তীব্র লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলো। কিন্তু কেপটাউনে সিরিজের প্রথম টেস্ট শেষ পর্যন্ত পরিণত হলো একতরফা লড়াইয়ে। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতির আগেই অধিনায়ক গ্রায়েম স্মিথ ও হাশিম আমলার শতকের সুবাদে অস্ট্রেলিয়াকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৭ নভেম্বর থেকে, জোহানেসবার্গে। শুক্রবার ১ উইকেটে ৮১ রান নিয়ে খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিলো আরো ১৫৫ রান। তবে স্মিথ ও আমলার আক্রমণাত্মক ব্যাটিং সহজেই লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিকদের। স্মিথ ও আমলার দ্বিতীয় উইকেট জুটি দক্ষিণ আফ্রিকাকে উপহার দেয় ১৯৫ রান। বৃহস্পতিবার দিনের শেষ বলে মাইক হাসির হাতে জীবন পাওয়া আমলা মিচেল জনসনের বলে মাইকেল ক্লার্কের হাতে ধরা পড়ার আগে করেন ১১২ রান। তবে তার আগেই টেস্ট ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এটি আমলার ত্রয়োদশ শতক। ১৩৪ বলের ইনিংসটি সাজানো ২১টি চার দিয়ে। দলীয় ২২২ রানে আমলার বিদায়ের সময় দক্ষিণ আফ্রিকানরা জয় থেকে মাত্র ১৪ রান দূরে ছিলো। দীর্ঘ দিনের সতীর্থ জ্যাক ক্যালিসকে (অপরাজিত ২) সঙ্গে নিয়ে সেই কাজটুকু করতে বিন্দুমাত্র সমস্যা হয়নি ১০১ রানে অপরাজিত থাকা স্মিথের। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের এটি ২৩তম টেস্ট শতক। ১৪০ বলের ইনিংসে ১৫টি চার। অভিষেকেই ৭৮ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডার। প্রথম ইনিংসে ১৮৮ রানে পিছিয়ে থাকলেও তার দুর্দান্ত বোলিং স্বাগতিকদের লড়াইয়ে টিকিয়ে রাখে ভালো ভাবেই। দ্বিতীয় ইনিংসে ১৫ রানে ৫ উইকেট নেয়া ফিল্যান্ডারের জন্যই অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ৪৭ রানে। টেস্টে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বনিু সংগ্রহের কারণে স্মিথের দলের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৩৬ রান। প্রথম ইনিংসে দারুণ এক শতক করলেও দল এভাবে পর্যুদস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ মাইকেল ক্লার্কের। যত দ্রুত সম্ভব এই ম্যাচের কথা ভুলে যেতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন, "কোনো সন্দেহ নেই ব্যাটিংই আমাদের ডুবিয়েছে। বোলিং আর আজকের (শুক্রবার) ব্যাটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে পুরো কৃতিত্ব দিতে হবে। ওদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আমাদের বোধহয় ৬০০ রান করার দরকার ছিলো।" "৪৭ রানে অলআউট হওয়ার কোনো অজুহাত নেই। আমরা লজ্জাজনক শট খেলেছি। আমাদের শট বাছাই ছিলো ভয়ঙ্কর," যোগ করেন তিনি। এমন অভিনব জয় বিশ্বাসই হতে চাইছে না স্মিথের। তিনি বলেন, "অবিশ্বাস্য এক জয়। গতকাল (বৃহস্পতিবার) আমরা সবাই বেশ শঙ্কিত হয়ে পড়েছিলাম। এ জয়ের কৃতিত্ব বোলারদের। তারাই আমাদের লড়াইয়ে ফিরিয়ে এনেছে।" আর ম্যাচ সেরা ফিল্যান্ডার বলেন, "আমি একটু øায়ুর চাপে ভুগছিলাম। (বৃহস্পতিবার) অনেক সকালে, প্রায় পাঁচটার দিকে আমার ঘুম ভেঙ্গেছে। বল হাতে আমাদের দারুণ কিছু করতে হতো আর আমরা সেটাই করেছি। এটি ছিলো ক্রিকেটের মোড় ঘুরে যাওয়া ম্যাচগুলোর মধ্যে অন্যতম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩১ঘ.