ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মাইকেল হাসি।
ভারতের বিপক্ষে নববর্ষের টেস্ট খেলার পর থেকে দক্ষিণ আফ্রিকার মূল খেলোয়াড় গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও মার্ক বাউচার প্রথম শ্রেণীর খেলার মধ্যে ছিলেন না বলেই এমনটা ভাবছেন তিনি।
আক্ষরিক অর্থেই ফেব্র"য়ারি ও মার্চে দক্ষিণ আফ্রিকার পুরো নজর ছিল বিশ্বকাপের ওপর। এরপরই খেলোয়াড়রা মনোযোগ দেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ ও অস্ট্রেলিযার বিপক্ষে সীমিত ওভারের খেলার দিকে। ফলে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে দূরে থাকতে হয় তাদের।
ঠিক এই সময়ে শেফিল্ড শিল্ডে খেলার জন্য দেশে ফিরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা শ্রীলঙ্কার মাটিতে দেশটির বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নেন। দক্ষিণ আফ্রিকায় সে দেশের এ দলের সঙ্গে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেন।
অন্যদিকে একদিনের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা খেলে টেস্ট খেলতে নামবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।
বোঝাই যাচ্ছে, যথার্থ প্রস্তুতি থেকে অনেক দূরে রয়েছেন দেশটির ক্রিকেটাররা। আর এই প্রস্তুতির বিষয়টি গত গ্রীষ্মে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। ওই সময় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামতে হয়েছিল তাদের যথাযথ প্রস্তুতি না নিয়েই।
এই বিষয়টি মাথায় রেখে হাসি কেবল দক্ষিণ আফ্রিকাকে 'আন্ডারডগ' বলেননি, শব্দটা এড়িয়ে গেছেন। তবে প্রথম শ্রেণীর খেলার মধ্যে থাকায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যে এগিয়ে আছেন, সে কথা বলে দিয়েছেন সোজাসাপ্টা।
"অবশ্যই টেস্টের আগে প্রথম শ্রেণীর ক্রিকেট খেললে যে উপকার হয়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই," বলেন হাসি, "ব্যক্তিগতভাবে কয়েকটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার পর আমি টেস্ট খেলতে চাই। এই বিষয়টি মাথায় রেখেই বলছি, কিছুটা হলেও আমরা অবশ্যই এগিয়ে আছি। অন্যদিকে তারা প্রাদেশিক ক্রিকেট খেলেছেন। তাদের কয়েকজন ক্রিকেটার খেলেছেন টোয়েন্টি-টোয়েন্টি। তাই টেস্টের সঙ্গে মানিয়ে নেয়া তাদের জন্য কঠিনই হবে।"
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৯ নভেম্বর কেপটাউনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৩ ঘ.
bdnews24