ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিবনারায়ন চন্দরপলের অপরাজিত শতকের সুবাদে দিল্লিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
চন্দরপলের ১৬৭ বলে খেলা অপরাজিত ১১১ রানের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা। এটি তার ২৪তম টেস্ট শতক।
দিনশেষে ১৯ রান নিয়ে তার সঙ্গে অপরাজিত ছিলেন কার্লটন বাফ।
ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৭২ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
তবে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েইটকে সঙ্গে নিয়ে অতিথি-শিবিরে অনেকটাই স্বস্তি ফিরিয়ে আনেন চন্দরপল। চতুর্থ উইকেট জুটিতে দুজনের অবদান ১০৮ রান।
২১২ বলে মাত্র ৪টি চারসহ ৬৩ রানের ধৈর্যশীল ইনিংস আসে ব্র্যাথওয়েইটের ব্যাট থেকে।
৫৮ রানে ৩ উইকেট নিয়ে প্রজ্ঞান ওঝা ভারতের সেরা বোলার। ৭৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২২ঘ.
bdnews24