২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের নাটকীয় জয়

বুলাওয়েতে উত্তেজনা পূর্ণ পঞ্চম দিনে অনেক নাটকের পর শেষ পর্যন্ত ৩৪ রানে সফরের একমাত্র টেস্ট জিতেছে নিউজিল্যান্ড। শেষ বিকালে মাত্র ২৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে তীরে এসে তরি ডুবেছে জিম্বাবুয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুলাওয়েতে উত্তেজনা পূর্ণ পঞ্চম দিনে অনেক নাটকের পর শেষ পর্যন্ত ৩৪ রানে সফরের একমাত্র টেস্ট জিতেছে নিউজিল্যান্ড। শেষ বিকালে মাত্র ২৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে তীরে এসে তরি ডুবেছে জিম্বাবুয়ের। ৩৬৬ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজাকে হারিয়ে ৬১ রানে চতুর্থ দিন শেষ করেছিলো জিম্বাবুয়ে। দুই অপরাজিত ব্যাটসম্যান টিনো মাওয়ো ও ব্রেন্ডন টেলর পঞ্চম দিনের খেলা শুরু করেন। মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে দলের সংগ্রহে ৯৬ রান যোগ করে এই জুটি। ৪টি চারের সাহায্যে ১৯১ বলে ৫২ রান করেন মাওয়ো। এরপর টেলরের সঙ্গে যোগ দেন টাটেন্ডা টাইবু। নিউজিল্যান্ডের বোলারদের হতাশ করে খেলতে থাকেন তারা। এক সময় জিম্বাবুয়ে অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখতে শুরু করে। টেলরের উইকেটটি তুলে নিয়ে জিম্বাবুয়েকে বড় ধাক্কা দেন দেন ক্রিস মার্টিন। কিন্তু ততক্ষণে দলের খাতায় ১০৮ রান যোগ করে ম্যাচ জমিয়ে দিয়েছে টেলর-টাইবু জুটি। ৮টি চার ও ৫টি ছক্কা মেরে ১৪৭ বলে ১১৭ রান করেন টেলর। এটা তার দ্বিতীয় টেস্ট শতক। ব্যক্তিগত সর্বোচ্চ রানও। জয়ের জন্য তখন জিম্বাবুয়ের প্রয়োজন ছিলো আর মাত্র ১০১ রান। হাতে ৬ উইকেট। ক্রিজে ছিলেন 'সেট' ব্যাটসম্যান টাইবু। ১৬৩ বলে ৬টি চার ও ১ একটি ছক্কার সাহায্যে ৬৩ রান করে সাজঘরের পথ ধরেন টাইবু। সংশয়ের মেঘ ভীড় করে জিম্বাবুয়ের আকাশে। দলের রান তখন ২৮৭। বাকি সময়ে সংশয়ের সেই মেঘ ঝড়ের আকার ধারণ করে উড়িয়ে নিয়ে যায় জিম্বাবুয়ের স্বপ্ন। ডগ ব্রেসওয়েল ও ড্যানিয়েল ভেট্টরি মিলে ধ্বস নামিয়ে তুলে নেন জিম্বাবুয়ের শেষ ৫ উইকেট। জিম্বাবুয়েকে পোড়ান ৩৪ রানের আফসোসে! ব্রেসওয়েল ৮৫ রানে ৫টি ও ভেট্টরি ৭১ রানে ৩টি উইকেট নেন। ভেট্টরি ম্যাচ সেরা নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিএ/২২২৩ ঘ.