ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিততে হলে নিউজিল্যান্ডের চাই ৮ উইকেট, আর জিম্বাবুয়ের ৩০৫ রান। বুলাওয়েতে একমাত্র টেস্টের শেষ দিনে দুদলের সামনে থাকা সমীকরণ। ৩৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনশেষে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ২ উইকেটে ৬১ রান।
শুক্রবার কুইন্স স্পোর্টস ক্লাবে ২ উইকেটে ২৮ রান নিয়ে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৫২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
সর্বোচ্চ ৭৬ রান এসেছে অধিনায়ক রস টেলরের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান কেন উইলিয়ামসনের। এছাড়া রিস ইয়াংয়ের অপরাজিত ৩৫ ও ড্যানিয়েল ভেট্টরির ব্যাট থেকে আসে ৩১ রানের দুটো মূল্যবান ইনিংস।
৬৪ রানে ৫ উইকেট নেয়া কাইল জার্ভিস স্বাগতিকদের সেরা বোলার। টেস্টে এটি তার প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার।
জবাব দিতে নেমে দিনের শেষ ওভারে হ্যামিল্টন মাসাকাদজাকে (১৯) না হারালে আরেকটু স্বস্তি নিয়ে শেষ দিন শুরু করতে পারতো জিম্বাবুয়ে।
মাসাকাদজার মতো ভুসি সিবান্দার (১৩) উইকেটও নিয়েছেন অভিষিক্ত পেসার ডগ ব্রেসওয়েল।
টিনো মায়োয়ো ব্যাট করছেন ২৭ রান নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩৩ঘ.
bdnews24