২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বিকেলে এগিয়ে গেলো শ্রীলঙ্কা

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার শেষ বিকেলে ৩৫ রানের মধ্যে পাকিস্তানের দুই উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও এগিয়ে গেলো শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার শেষ বিকেলে ৩৫ রানের মধ্যে পাকিস্তানের দুই উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও এগিয়ে গেলো শ্রীলঙ্কা। এর আগে কুমার সাঙ্গাকারার শতকের ওপর ভর করে প্রথম পালায় দলটি রান করে ৪১৩। ফলে তারা এগিয়ে আছে ৩৭৮ রানে। আজহার আলি উইকেটে আছেন ১০ রান নিয়ে। অন্য প্রান্তে এখনো হিসেবের খাতা খুলতে পারেননি ইউনুস খান। যদিও ১৪ বল খেলেছেন তিনি। সারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শ্রীলঙ্কার প্রথম পালার জবাব দিতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ৮ রানের মাথায় উদ্বেধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ফিরে যান ৬ রান করে। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমরও সুবিধা করতে পারেননি মোটেও। তার ব্যাট থেকে মাত্র ১৯ রান। তিনি যখন বিদায় নেন তখন দলের রান ছিল ৩৫। শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন রঙ্গনা হেরাথ ও চানাকা ওয়েলেগেদারা। এ জন্য হেরাথ দেন ১ রান ও ওয়েলেগেদারা ১১। সকালে শ্রীলঙ্কা দিনের খেলা শুরু করে দুই উইকেটে ২৪৫ রান নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাবেক অধিনায়ক সাঙ্গাকারা দলীয় ৩০৫ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে করেন ১৪৪। খেলা শুরু করেন তিনি ১১২ রান নিয়ে। তার ৩৪৪ বলের ইনিংসে চার রয়েছে ১৩টি ও ছক্কা দুটি। এর আগে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন অপর অপরাজিত ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। তিনি তার ৩২ রানের ইনিংসটিকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। মাত্র ৭ রান যোগ করার পর জুনায়েদ খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। তখন দলের রান ছিল ২৬১। শ্রীলঙ্কা অবশ্য প্রথম দিনের ব্যাটিং দ্বিতীয় দিন অনুবাদ করতে পারেনি। সব ব্যাটসম্যান শুরুটা ভালো করলেও নিজেদের ইনিংসকে বড় করতে পারেননি কেউ। উল্লেখ করার মতো রান করেছেন কেবল কুশাল সিলভা (৩৯)। আর রঙ্গনা হেরাথ অপরাজিত ছিলেন ৩৪ রানে। পাকিস্তানের পক্ষে সাঈদ আজমল ৪ উইকেট নেন ১৩২ রানে। আর ৭৬ রানে তিন উইকেট নেন উমর গুল। তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান এগিয়ে আছে ১-০ ব্যবধানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৪৫ ঘ.