২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান-আসিফ-আমিরের কারাদণ্ড

'স্পট ফিক্সিং' ও অবৈধভাবে অর্থ গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের আড়াই বছরের কারাদণ্ড হয়েছে। একই অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের অন্য দুই ক্রিকেটার মোহাম্মদ আসিফের এক বছর ও মোহাম্মদ আমিরের ছয় মাসের কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' ও অবৈধভাবে অর্থ গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের আড়াই বছরের কারাদণ্ড হয়েছে। একই অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের অন্য দুই ক্রিকেটার মোহাম্মদ আসিফের এক বছর ও মোহাম্মদ আমিরের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। এছাড়া খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজিদকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার লন্ডনের একটি আদালত তাদের এই শাস্তি দেয়। রায় ঘোষণার সময় সালমানকে লক্ষ্য করে বিচারপতি জেরেমি কুক বলেন, "এটা পরিষ্কার যে আপনিই এই ঘটনার মূল পরিকল্পনাকারী। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে ওই দুই বোলার (আসিফ ও আমির) যে বল করবেন, তা আপনিই নিশ্চিত করেন।" আসিফকে তিনি বলেন, "যদিও আপনার কাছে কোনো অর্থ পাওয়া যায়নি, তারপরও এটা পরিষ্কার যে আপনি ইচ্ছাকৃতভাবে একটি নো বল করেছেন। এই গড়াপেটায় আপনার জড়িত থাকার কোনো প্রমাণ আমাদের হাতে নেই। কিন্তু এটাকে নিছকই একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মেনে নেয়া কঠিন।" সালমান-আসিফ-আমির এবং মাজহার মাজিদকে দোষী সাব্যস্ত করে বিচারপতি কুক তার বক্তব্যে বলেন, "যে সব দর্শক মাঠে গিয়ে অর্থ খরচ করে বা টিভির সামনে বসে ক্রিকেট দেখেন, তারা যখন অতীতের দিকে তাকিয়ে কোনো খেলার অস্বাভাবিক ঘটনা বা অস্বাভাবিক ফলাফলের কথা মনে করবেন কিংবা ভবিষ্যতে বিস্ময়কর ফলাফলের মুখোমুখি হবেন, তখন তারা মনে করতেই পারেন এটাই কি স্বাভাবিক ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত।" ২০ দিন শুনানি শেষে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত গত মঙ্গলবার বাট ও আসিফকে ষড়যন্ত্র ও অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করে। আমির ও মাজিদ অবশ্য শুনানি শুরু হওয়ার মাসখানেক আগে সেপ্টেম্বরের মাঝামাঝি আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করে নেন। ২০১০ সালের অগাস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে আমির দুটো ও আসিফ একটি নো বল করেন। এই ন্যক্কারজনক ঘটনার মূল পরিকল্পনাকারী বাট এবং নেপথ্যের 'নাটের গুরু' মাজিদ। অধুনালুপ্ত পত্রিকা 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড'-এর এক ছদ্মবেশী সাংবাদিকের সঙ্গে মাজিদের কথোপকথন প্রকাশ হওয়ার পর পুরো বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সালমান, আসিফ ও আমিরকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ ও জরিমানা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৩০ঘ.