ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটসম্যানরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি বলেই বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে বলে মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম।
বুধবার টেস্ট সিরিজ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, "আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। আমি আর তামিম প্রথম সেশনটা খেলে দিতে চেয়েছিলাম।"
"আমরা প্রথম সেশনে একটি বা দুটি উইকেটের বেশি হারাতে চাইনি। কিন্তু সাকিব বাজে একটি শট খেলে আউট হয়ে যাওয়ার সঙ্গে-সঙ্গে খেলার চেহারাই পাল্টে যায়। ঐ আউটই খেলার মোড় ঘুরিয়ে দেয়। এর পর আমিও একটা বল বুঝতে না পেরে আউট হয়ে যাই," যোগ করেন তিনি।
মুশফিক বলেন, "আমি আর সাকিব যখন ব্যাট করছিলাম তখন মনে করেছিলাম আমাদের পক্ষে ম্যাচ বাঁচানোও সম্ভব হবে। মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ পর ওরা দ্বিতীয় নতুন বল পেতো। আমরা চেয়েছিলাম দ্বিতীয় নতুন বলের ১০/১৫ ওভার ভালোভাবে খেলে দিতে।"
"তা হলে হয়তো আমাদের দুর্ভাবনায় পড়তে হতো না। আমাদের রান রেট বেশ ভালো ছিল বলে এমনকি জেতাও অসম্ভব ছিলো না," যোগ করেন তিনি।
অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট সিরিজ সম্পর্কে মুশফিক বলেন, "খুব খারাপ হয়নি। তবে আরো অনেক ভালো হতে পারতো।"
"পুরো সিরিজেই আমাদের ব্যাটিং খারাপ হয়েছে। আমাদের বেশির ভাগ আউটের পেছনে প্রতিপক্ষের কৃতিত্বের চেয়ে ব্যাটসম্যানদের ভুলের দায়ই বেশি। আমাদের ব্যাটসম্যানদের ভালো বলে আউট হওয়ার সংখ্যা কমই বলা যায়। খেলা শেষে শিবনারায়ন চন্দরপলও আমাদের এ কথা বলেছেন," যোগ করেন তিনি।
উইকেটে থিতু হয়ে যাওয়ার পরও বাজে শট খেলে ব্যাটসম্যানদের আউট হয়ে যাওয়ার কারণই খুঁজে পাচ্ছেন না মুশফিক। তিনি বলেন, "জিততে হলে বা অন্তত ড্র করতে হলেও ওপরের সারির ব্যাটসম্যানদের আরো বড় ইনিংস খেলতে হবে, বড় জুটি গড়তে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৩ঘ.
bdnews24