ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন উইকেট হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে প্রথম ইনিংসে ১৫১ রানে পিছিয়ে বাংলাদেশ। তবু দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে নিয়ে আশাবাদী অভিষিক্ত সোহরাওয়ার্দী শুভ।
রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "সোমবার যত বেশি সম্ভব ব্যাট করে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত অলআউট করার চেষ্টা করবো আমরা।"
"আমাদের এখনো তিনজন ব্যাটসম্যান রয়েছেন। নাসির ৩৪ রানে অপরাজিত। এখনো আমাদের ভালো সংগ্রহ ভালো গড়ার সম্ভাবনা রয়েছে," যোগ করেন শুভ।
তার ধারণা, দ্বিতীয় ইনিংসে অতিথিদের অল্প রানে গুটিয়ে দেয়া সম্ভব। এর কারণ হিসেবে তিনি বলেন, "উইকেট থেকে বোলাররা বিশেষ করে স্পিনাররা বেশ সহায়তা পাচ্ছেন। তাই দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে অনেক কম রানে বেঁধে ফেলাও সম্ভব। আশা করি এই টেস্টে (আমাদের পক্ষে) ইতিবাচক ফলাফল আসবে।"
"এক প্রান্তে দেবেন্দ্র বিশু ফুট মার্ক থেকে ভালো সাহায্য পেয়েছেন। আশা করি আমাদের বোলাররাও এই সুবিধা পাবেন," যোগ করেন শুভ।
৫৯ রানে ৫ উইকেট হারানোর পেছনে প্রতিপক্ষের ভালো বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের বাজে ব্যাটিংকেও দায়ী করছেন তিনি।
শুভ বলেন, "ওরা ভালো বল করেছে। তবে আমাদের ব্যাটসম্যানরাও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি। ওপরের সারির ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলা উচিৎ ছিলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৭ঘ.
bdnews24