ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬৩ রানে ৫ উইকেট নিয়ে নতুন এক কীর্তি গড়লেন সাকিব আল হাসান।
টেস্টে এটা তার অষ্টম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। বাংলাদেশের পক্ষে এটা একটা রেকর্ড। এত দিন ৭ বার করে ইনিংসে ৫ উইকেট নিয়ে রেকর্ডটা সাকিবের সঙ্গে ভাগাভাগি করছিলেন মোহাম্মদ রফিক।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সবচেয়ে বেশি উইকেটও এখন সাকিবের। এখন পর্যন্ত এই মাঠে তার উইকেট সংখ্যা ১৮। ১৭ উইকেট নিয়ে তার ঠিক পরেই জহির খান। ভারতের বাঁহাতি পেসার অবশ্য মাত্র দুটি টেস্ট খেলেছেন মিরপুরে।
২০০৭ সালের ১১ মে চট্টগ্রামে ভারতের বিপক্ষে সাকিবের টেস্ট অভিষেক। জীবনের প্রথম দুই টেস্টে কোনো উইকেট পাননি।
তৃতীয় টেস্টে প্রথম উইকেট নেন তিনি। জীবনে প্রথম বারের মতো ইনিংসে ৫ উইকেট পান সপ্তম টেস্টে এসে। ২০০৮ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত ঐ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন সাকিব ।
সে বছর টানা তিন টেস্টে ইনিংসে ৫ উইকেট নেয়ার কৃতিত্বও তার Ñ নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লুমফন্টেইন (৫/১৩০) ও সেঞ্চুরিয়ন টেস্টে (৬/৯৯) এবং ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় (৫/৭০)।
২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট জর্জেসে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে আবার ৭০ রানে ৫ উইকেট নেন সাকিব। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশের পরের টেস্টেই (চট্টগ্রামে ভারতের বিপক্ষে) ৬২ রানে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব ওয়ানডের সেরা অলরাউন্ডারের।
গত বছরের জুনে ইংল্যান্ডের সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে সপ্তমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১০ঘ.
bdnews24