ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান গ্রাঁ প্রি'র প্রথম আসরে অংশ নিতে সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান কিংবদন্তী মাইকেল শুমাখার এখন নয়া দিল্লিতে। কয়েকদিন আগেই শুমাখার বলেছিলেন, 'ঘনিষ্ট বন্ধু' ও ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছেন তিনি। অন্যদিকে টেন্ডুলকারও চাইছিলেন শুমাখারের সঙ্গে দেখা করতে। অবশেষে উপস্থিত হলো সেই ক্ষণ। দেখা হলো দুই জীবন্ত কিংবদন্তীর।
সব সময় নিজেকে ফর্মুলা ওয়ানের ভক্ত বলে পরিচয় দিয়ে থাকেন টেন্ডুলকার। সেই ফর্মুলা ওয়ানের আসর বসেছে ভারতে। আর টেন্ডুলকারও ছুটে গেলেন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে। সেই সঙ্গে তিনি দেখা করে নিলেন শুমাখারের সঙ্গেও।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েই টেন্ডুলকার নেমে পড়েন সার্কিটে। সে সময় শুমাখার ছিলেন মার্সিডিজ টিমের সঙ্গে। টেন্ডুলকার ছুটে গেলেন তার কাছে। দুজনের কথা বলার সময় উপস্থিত ছিলেন টেন্ডুলকার পতœী ও কন্যা।
মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, যুবরাজ সিং, ভিভিএস লক্ষ্মণ ও ভারত সফররত ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসনেরও গ্রাঁ প্রি'র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০০৭ ঘ.
bdnews24